জিটিএ ৬ নিষিদ্ধের দাবি কুর্দিস্তানের ইসলামি আলেমদের

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ এএম

ইসলামি শরিয়াহ অনুযায়ী ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) নিষিদ্ধ ঘোষণা করেছে কুর্দিস্তান অঞ্চলের ইসলামি আলেমদের সংগঠন ইউনিয়ন অব ইসলামিক স্কলারস। ভিডিও গেমটির বিরুদ্ধে সহিংসতা, মাদক গ্রহণ ও অনৈতিক আচরণে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির মুখপাত্র আবদুল্লাহ শেরকাউয়ি সতর্ক করে বলেন, গেমটির বিষয়বস্তু তরুণ সমাজ, পরিবার এবং তাদের আর্থিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাঁর ভাষ্য, গেমটি খেলা, এর বিভিন্ন কনটেন্টের সঙ্গে যুক্ত হওয়া এবং এ জন্য অর্থ ব্যয় করা সবই ইসলামি শরিয়াহ অনুযায়ী ‘হারাম ও নিষিদ্ধ’।

তরুণদের মধ্যে ক্ষতিকর আচরণে উৎসাহ জোগায় এবং পারিবারিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে এমন ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন ও ভিডিও গেমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের জিটিএ ৬ খেলা থেকে বিরত রাখার অনুরোধ করেছে।

জিটিএ ৬ বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে বাজারে এসেছে। মুক্তির পরপরই গেমটি বিক্রি ও জনপ্রিয়তা নিয়ে ব্যাপক সাড়া ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশনধর্মী এই গেমে ভার্চুয়াল জগতে অপরাধ, পুলিশের ধাওয়া এবং বিভিন্ন মিশনের বিষয় তুলে ধরা হয়েছে।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত