ট্রাম্পের ২৫০ ফুট স্মৃতিসৌধ নির্মাণে ফের আদালতের বাধা

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ২৫০ ফুট উঁচু স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শুক্রবার (২০ নভেম্বর) দ্বিতীয়বারের মতো একটি ফেডারেল আদালত প্রকল্পটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

প্রকল্পটির বিরুদ্ধে মামলা করা পক্ষের আইনজীবীরা এ তথ্য জানিয়েছেন। ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক লিওনি ব্রিঙ্কেমা শুনানি শেষে আদালতকক্ষ থেকেই এ আদেশ দেন। আর্লিংটন কাউন্টি বোর্ডের করা মামলার পরিপ্রেক্ষিতে তিনি এ সিদ্ধান্ত নেন।

এর মাত্র দুই দিন আগে ওয়াশিংটন ডিসির আরেক ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের স্মৃতিসৌধ নির্মাণের কাজ শুরুর ওপর দেওয়া আগের সাময়িক নিষেধাজ্ঞা ৩ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছিলেন। বিচারক তানিয়া চাটকান ওই আদেশ দিয়েছিলেন। তবে ব্রিঙ্কেমার নতুন নিষেধাজ্ঞায় নির্দিষ্ট কোনো মেয়াদ উল্লেখ করা হয়নি।

ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টি বোর্ডের অভিযোগ, পোটোম্যাক নদীর অপর পারে ওয়াশিংটনের পাশে নির্মিতব্য এই স্মৃতিসৌধ এলাকায় যানজট আরও বাড়াবে এবং জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে।

শুক্রবারের শুনানির পর মামলাকারীদের আইনজীবী কেট টালমার এক বিবৃতিতে বলেন, ‘আদালত স্বীকার করেছেন যে এ প্রকল্পের কারণে আর্লিংটনে বসবাসকারী ও কর্মরত মানুষের অপূরণীয় ক্ষতি হতে পারে। মামলার শুনানি ও বিবেচনা শেষ না হওয়া পর্যন্ত বিশাল এই আত্মপ্রচারমূলক প্রকল্পের কাজ বন্ধ রাখার সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট।’

গত ৫ নভেম্বর প্রথমবারের মতো স্মৃতিসৌধ নির্মাণে বাধা দেন বিচারক চাটকান। এর আগে ন্যাশনাল ক্যাপিটাল প্ল্যানিং কমিশনের এক শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে ট্রাম্প-সমর্থক সদস্যদের প্রাধান্য থাকা কমিশন ৮-৪ ভোটে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দেয়। যদিও শুনানিতে কয়েক ডজন ব্যক্তি নির্মাণের বিরোধিতা করেছিলেন।

চাটকানের আদালতে মামলাটি করেছিলেন ভিয়েতনাম যুদ্ধের সাবেক সেনাসদস্যদের পক্ষে কয়েকজন এবং একজন স্থাপত্য ইতিহাসবিদ। এ ছাড়া গত মাসে কেনেডি পরিবারের সদস্যরাও পৃথক মামলা করেন। তাঁদের অভিযোগ, প্রস্তাবিত স্থাপনাটি আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের ওপর প্রভাব ফেলবে। ওই সমাধিক্ষেত্রেই তাঁদের পরিবারের সদস্যদের কবর রয়েছে।

ওয়াশিংটনের ঐতিহাসিক স্থাপনা ও নগর-পরিসরে নিজের ছাপ রেখে যেতে ট্রাম্প যেসব প্রকল্প হাতে নিয়েছেন, প্রস্তাবিত স্মৃতিসৌধটি তার একটি। ২৫০ ফুট উচ্চতার এই তোরণটি নির্মিত হলে এর উচ্চতা হবে লিংকন মেমোরিয়ালের দ্বিগুণ।

উল্লেখ্য, বিচারক লিওনি ব্রিঙ্কেমাকে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটন বিচারক পদে মনোনীত করেছিলেন। আর বিচারক তানিয়া চাটকানকে মনোনীত করেছিলেন সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামা।