ইরানকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপ আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। একই সঙ্গে ইরানের তেল বিক্রির অর্থ আটকে দেওয়ার উদ্যোগও নিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের দাবি, ইতিমধ্যে বিক্রি করা তেলের অর্থও শেষ পর্যন্ত ইরানের হাতে নাও পৌঁছাতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে স্বল্প সময়ের মধ্যে নতুন সামরিক অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা পুনর্গঠন এবং সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ভূগর্ভে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা নিয়ে উদ্বিগ্ন ইসরায়েল। এসব কার্যক্রম মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক পদক্ষেপ নিতে আগ্রহী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।
সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ইসরায়েলি সামরিক বাহিনীও প্রস্তুতি জোরদার করছে। তবে নতুন করে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন এখনো নিশ্চিত নয়। বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না।
সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাম্পের নির্দেশ পাওয়া গেলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনী দুই থেকে চার দিনের মধ্যে নতুন অভিযান শুরু করতে পারে।
সামরিক পরিকল্পনার পাশাপাশি ইরানের তেল বাণিজ্য থেকে অর্জিত অর্থ আটকে দেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের সমুদ্রপথে তেল সরবরাহ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগে বিক্রি করা তেলের অর্থও দেশটি আর নাও পেতে পারে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেসেন্ট বলেন, ইরানের শাসকগোষ্ঠীর সমুদ্রপথে তেল সরবরাহের সক্ষমতা শেষ হয়ে গেছে। ইতিমধ্যে বিক্রি করা তেলের অর্থ পাওয়ার সম্ভাবনাও ক্ষীণ। এ পরিস্থিতিকে তিনি একটি ডুবন্ত জাহাজের সঙ্গে তুলনা করেন।
ইরানের সাধারণ মানুষ খাদ্য ও জ্বালানির সংকটে থাকলেও দেশটির শাসকগোষ্ঠী নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে বেসেন্টের বক্তব্যের দিনই ইরানের চার নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। তাঁদের বিরুদ্ধে বিদেশে ইরানের তেল বিক্রির অর্থ সংগ্রহ ও স্থানান্তরের মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগ আনা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তিরা হলেন মোজতবা আরবনেজাদ, মোহাম্মদ জাভাদ বাভান্দ, মোহাম্মদ হোসেইন সারভাতি ও মাজিদ তাজ। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, তাঁরা ইরানের তেল বিক্রির অর্থ বিদেশে সংগ্রহ ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ছিলেন।
এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে। সেখানে জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ১৮ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৬৫ শতাংশ কম ছিল।
ওই সপ্তাহে প্রণালিটি দিয়ে মোট ২৬৩টি জাহাজ চলাচল করে। এর মধ্যে ১১৫টি জাহাজ বাইরে গেছে এবং ১৪৮টি প্রবেশ করে।
একই সময়ে ট্যাংকারে ছয়টি হামলার ঘটনাও নথিভুক্ত করেছে ইউকেএমটিও। এর মধ্যে চারটি হরমুজ প্রণালিতে এবং দুটি পারস্য উপসাগরের অন্যান্য এলাকায় ঘটেছে।
সব মিলিয়ে ইরানকে ঘিরে সামরিক প্রস্তুতি, তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা এবং গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তাঝুঁকি নতুন করে উদ্বেগ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের ওপর অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
নড়াইলে ৩০ বাড়িতে আগুন
ইরাকের বসরা বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪; আহত ৩৫
পশ্চিম এশিয়ার সীমানা ছাড়িয়ে বিস্তৃত হচ্ছে ইরানের প্রতিরোধ সক্ষমতা