ইরানের ওপর মার্কিন অর্থনৈতিক চাপ বাড়তে থাকায় দেশটির শাসকগোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ সংঘাত তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, সামনে দেশটির জন্য কঠিন শীত অপেক্ষা করছে। অর্থনৈতিক সংকট, জ্বালানি ঘাটতি এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে শনিবার দুই দেশের কর্মকর্তারা নিজেদের অবস্থান তুলে ধরেন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার মার্কিন কর্মসূচি কার্যকর হচ্ছে। তার ভাষ্য, দেশটির শাসকগোষ্ঠী এখন চাপের মুখে পড়েছে এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে পারে। বিপ্লবী গার্ডের সদস্যদের মধ্যেও বিরোধের লক্ষণ দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। বেসেন্ট ইরানের শাসকদের ‘কোণঠাসা আহত প্রাণী’ হিসেবে উল্লেখ করে বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে নির্বিচারে হামলার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
তবে তেহরানে এক অর্থনৈতিক সম্মেলনে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান এমন এক অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি, যা ক্ষেপণাস্ত্র হামলার যুদ্ধের চেয়েও কঠিন। তিনি স্বীকার করেন, শীতকালে গ্যাস ও বিদ্যুৎ সংকট আরও তীব্র হতে পারে। যুদ্ধের কারণে দেশটির গ্যাস উৎপাদন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে।
পেজেশকিয়ান জানান, জ্বালানি সংকট দেখা দিলে সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ সরবরাহ কমানো হতে পারে। শিল্পকারখানার উৎপাদন সচল রাখতে সেগুলোকে শেষ পর্যায়ে বিদ্যুৎ সংকটের আওতায় আনা হবে। একই সঙ্গে লোকসানে থাকা সরকারি প্রতিষ্ঠানগুলোর সম্পদ ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা খোলা রাখার কথা বলেছেন। তিনি জানান, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবে মার্কিন প্রতিশ্রুতি বাস্তবায়ন, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং চূড়ান্ত চুক্তির আলোচনা শুরুর বিষয় ছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
আরাগচি বলেন, ইরানের শর্ত পূরণ হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব। তবে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোর বিষয়ে তেহরানের অবস্থান অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক নীতি পরিবর্তনের দাবি নিয়ে দেশটির অভ্যন্তরে বিতর্ক চললেও সরকারি নীতিতে এখনো কোনো পরিবর্তন আসেনি।
চলমান অর্থনৈতিক চাপ, জ্বালানি সংকট এবং কূটনৈতিক অচলাবস্থার মধ্যে ইরান এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। সামনে শীত মৌসুম দেশটির অর্থনীতি ও জনজীবনের ওপর নতুন চাপ তৈরি করতে পারে।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল