অস্ট্রেলিয়ার সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষকদের লক্ষ্য করে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা সাইবার গুপ্তচরবৃত্তির অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ পরিচয়ে অনলাইন বৈঠকের আমন্ত্রণ পাঠিয়ে তাদের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। অস্ট্রেলিয়ার সম্প্রচারক এরিন মোলান দাবি করেছেন, তিনি এই অভিযানের লক্ষ্যবস্তু ছিলেন। দেশটির গোয়েন্দা সংস্থা এএসআইওর প্রধান তাকে জানিয়েছেন, অস্ট্রেলিয়ার তিনজন নাগরিককে লক্ষ্য করা হয়েছিল।
অন্য দুইজন হলেন সাংবাদিক শারি মার্কসন এবং রাজনৈতিক বিশ্লেষক মাইকেল ক্রোগার। মোলান জানান, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথমে তার সঙ্গে যোগাযোগ করা হয়। বার্তায় তার সাংবাদিকতা, ইরানের জনগণের প্রতি সমর্থন এবং প্রয়াত বাবা জিম মোলানের প্রসঙ্গ তুলে তার আস্থা অর্জনের চেষ্টা করা হয়। পরে একটি অনলাইন বৈঠকে যোগ দেওয়ার লিংক পাঠানো হয়।
মোলান জানান, বৈঠকের লিংকে প্রবেশ করার পর পর্দায় অস্বাভাবিক আচরণ দেখা যায় এবং অদ্ভুত শব্দ শোনা যায়। কিন্তু বৈঠকে কেউ যোগ দেননি। পরে ইমেইলে যোগাযোগ করলে জানানো হয়, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছেন এবং বৈঠকটি অন্য সময় অনুষ্ঠিত হবে। বিষয়টি তখন গুরুত্ব না দিলেও কয়েক মাস পর অন্য সাংবাদিককে লক্ষ্য করে একই ধরনের ঘটনা সামনে আসার পর তিনি নিজের ইনবক্স পরীক্ষা করেন। সেখানে নিরাপত্তা লঙ্ঘনের সতর্কবার্তা পেয়ে পুলিশের কাছে তথ্য পাঠান।
মার্কসনও জানান, সাবেক মার্কিন প্রশাসনের এক পরিচিত কর্মকর্তার অ্যাকাউন্ট ব্যবহার করে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বারবার অনলাইন বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও সন্দেহ হওয়ায় তিনি ওই কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তখন জানতে পারেন, তিনি এসব বার্তা পাঠাননি। মার্কসনের দাবি, ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকিং গোষ্ঠী ‘চার্মিং কিটেন’ এই অভিযানের সঙ্গে জড়িত।
এদিকে সাংবাদিক ও জাতিসংঘে ইসরায়েলের সাবেক মুখপাত্র জোনাথন হারুনফও একই ধরনের প্রতারণার শিকার হন। ইনস্টাগ্রামে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের সাংবাদিক পরিচয়ে এক ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে সাক্ষাৎকারের প্রস্তাব দেন। পরে এফবিআই তাকে জানায়, ইরান-সংশ্লিষ্ট হ্যাকিং প্রচেষ্টার লক্ষ্যবস্তু ছিলেন তিনি।
ইরানের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোতে সাইবার গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগও বাড়ছে। এর আগে ফ্রান্স একাধিক দোকানে অগ্নিকাণ্ড ও খাদ্য নষ্ট হওয়ার ঘটনায় ইরান-সংশ্লিষ্ট একটি ইউনিটকে দায়ী করেছিল। তবে তেহরান এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এসব ঘটনার পর সাংবাদিকদের মধ্যে অনলাইন যোগাযোগ, পরিচয় যাচাই এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আক্রান্ত সাংবাদিকদের কেউ কেউ বলছেন, হুমকি ও নজরদারির চেষ্টা তাদের সাংবাদিকতা থামাতে পারবে না।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
ইরানের শাসকদের মধ্যে সংঘাতের আশঙ্কা দেখছেন বেসেন্ট
সন্তান জন্মদানে মুসলিমদের সঙ্গে প্রতিযোগিতার আহ্বান লেভিটের?
হরমুজ প্রণালির আকাশে মার্কিন ড্রোন ভূপাতিত করলো আইআরজিসি