যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাস। চলতি বছর এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬১৭ জনের শরীরে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে রাজ্যটিতে ভাইরাসটির এমন বিস্তার দেখা যায়নি। চলতি বছর মৃত্যুর হিসাবে এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে অস্বাভাবিক গরম ও আর্দ্র আবহাওয়া মশার বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। এর ফলে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণও বেড়েছে।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এর সংক্রমণ দেখা যায়। আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা ভাইরাসটির বাহকে পরিণত হয়। পরে সেই সংক্রমিত মশার কামড়ে মানুষ ও অন্যান্য প্রাণীর শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।
ভাইরাসে আক্রান্ত অধিকাংশ মানুষের শরীরে কোনো উপসর্গ দেখা যায় না। কারও কারও হালকা জ্বর কিংবা ফ্লুর মতো অসুস্থতা হতে পারে। তবে প্রায় ১ শতাংশ আক্রান্তের ক্ষেত্রে ভাইরাসটি মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে। এতে স্মৃতিশক্তি ও চিন্তাশক্তির সমস্যা, স্নায়বিক জটিলতা এমনকি শরীরের বিভিন্ন অংশ পক্ষাঘাতগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। গুরুতর ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন পর্যন্ত এ ভাইরাসের কোনো টিকা বা নির্দিষ্ট চিকিৎসা আবিষ্কৃত হয়নি।
ভাইরাসটির ভয়াবহতার শিকার হয়েছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ম্যান্ডি বাড। গত সেপ্টেম্বরে মশার কামড়ে আক্রান্ত হওয়ার পর তার কোমর ও নিতম্বে ব্যথা শুরু হয়। প্রথমে তিনি এটিকে স্নায়ুর সমস্যাজনিত ব্যথা বলে মনে করেছিলেন। কিন্তু একপর্যায়ে তার পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি মাটিতে পড়ে যান।
পরে তাকে লস অ্যাঞ্জেলেসের কাছাকাছি বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। জীবন বাঁচাতে চিকিৎসকদের দীর্ঘ প্রচেষ্টা চালাতে হয়। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। বর্তমানে হাসপাতালে শারীরিক পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন এবং আবার দাঁড়ানোর চেষ্টা করছেন।
এএফপিকে বাড বলেন, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তারও মৃত্যু হতে পারত। এমন পরিস্থিতির কথা ভাবলে এখনো আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন ওয়েস্ট নাইল ভাইরাসের বিস্তারে ভূমিকা রাখছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস শাখার সেন্টার ফর ট্রপিক্যাল রিসার্চের জীববিজ্ঞানী রায়ান হ্যারিগান জানান, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে সীমাবদ্ধ বলে বিবেচিত বিভিন্ন রোগ উত্তর দিকের অপেক্ষাকৃত শীতল এলাকাতেও ছড়িয়ে পড়ছে। ইউরোপেও একই প্রবণতা দেখা যাচ্ছে।
এ বছর ইউরোপের ২০টি দেশে ওয়েস্ট নাইল ভাইরাসে ২ হাজারের বেশি মানুষের সংক্রমণ শনাক্ত হয়েছে, যা রেকর্ড। ইতালি, গ্রিস ও ফ্রান্সে সংক্রমণের প্রকোপ সবচেয়ে বেশি। ভূমধ্যসাগরীয় অঞ্চলের বাইরেও ভাইরাসটি ছড়িয়ে পড়ছে।
ক্যালিফোর্নিয়ায় চলতি বছরের বসন্তে রেকর্ড তাপপ্রবাহ, গ্রীষ্মে এল নিনোর প্রভাবে প্রচণ্ড গরম এবং শরতে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করেছে। এর সঙ্গে বৃষ্টিপাত ও জমে থাকা পানির কারণে মশার প্রজননক্ষেত্রও বেড়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর প্রথম সংক্রমিত মশার সন্ধান পাওয়া যায় মে মাসে, যা স্বাভাবিক সময়ের প্রায় দুই মাস আগের ঘটনা।
সংক্রমণ নিয়ন্ত্রণে স্থানীয় মশা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নালা-নর্দমায় প্রতি মাসে লার্ভা ধ্বংসকারী কীটনাশক প্রয়োগ করছে। পাশাপাশি বংশবিস্তার কমাতে বন্ধ্যা পুরুষ মশাও অবমুক্ত করা হচ্ছে। অপরিচ্ছন্ন বাড়ির আশপাশ ও অব্যবহৃত সুইমিংপুলে মশার প্রজনন ঠেকাতেও কাজ করছেন সংশ্লিষ্ট কর্মীরা।
বিশেষজ্ঞরা ভোর ও সন্ধ্যায় বাইরে বের হলে মশা প্রতিরোধক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত বাড়তে থাকলে এবং পরবর্তী সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেলে মশার বংশবিস্তার আরও বাড়তে পারে। ফলে আগামী মৌসুমেও ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ রয়েছে।
সূত্র: এএফপি