হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৭৮

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। পাশাপাশি ৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা ও সিলেটে। এ দুই বিভাগে তিনজন করে মারা গেছেন। এ ছাড়া খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৭২ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ জনে।

বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেটে মারা গেছেন ২৩১ জন। এ ছাড়া চট্টগ্রামে ১৩০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৪ জন এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।

বিএইচবি
আরও পড়ুন