দুর্নীতির গুরুতর অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো (নাবু) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে তিনি কারা হেফাজতে আছেন।
নাবু’র বিবৃতিতে বলা হয়, আলোচিত ‘মিডাস’ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত গেরমান গালুশচেঙ্কো গোপনে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী ইতোমধ্যে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই মন্ত্রীর বিরুদ্ধে গত ২০২৫ সালের সেপ্টেম্বরে ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন ও সেই অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ওঠে। এরপর চাপের মুখে গত বছরের নভেম্বরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
তদন্তকারীদের দাবি, মন্ত্রী থাকাকালীন গালুশচেঙ্কো ক্ষমতার অপব্যবহার করে ইউক্রেনীয় ব্যবসায়ী তিমরুর মিন্ডিচকে জ্বালানি খাতে বিশেষ বিনিয়োগের সুযোগ করে দিয়েছিলেন। এ ছাড়া ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান ও পরমাণু বিদ্যুৎকেন্দ্রগুলোর নিয়ন্ত্রক সংস্থা ‘এনার্জোঅ্যাটম’-এর ঠিকাদারদের কাছ থেকে ১০ থেকে ১৫ শতাংশ হারে ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
২০২৫ সাল থেকেই ইউক্রেনের উচ্চপর্যায়ে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তাইমোশেঙ্কোসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে, যার মধ্যে গালুশচেঙ্কোর মামলাটি অন্যতম বড় হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ইউক্রেনের সরকারি প্রশাসনে শেকড় গেড়ে থাকা এই দুর্নীতির কারণেই ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) দেশটির সদস্যপদ পাওয়ার বিষয়টি দীর্ঘ দিন ধরে ঝুলে আছে। গালুশচেঙ্কোর এই গ্রেপ্তারকে দুর্নীতির বিরুদ্ধে জেলেনস্কি সরকারের একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।