ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে ইউক্রেনের তথাকথিত ‘কিল লিস্ট’-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘মিরোতভোরেতস’ (Mirotvorets) নামক একটি বিতর্কিত ওয়েবসাইটে ইউক্রেন রাষ্ট্রের ‘শত্রু’ হিসেবে তাঁর নাম ও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রুশ সংবাদমাধ্যম আরটি এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘ইউক্রেনের বিরুদ্ধে মানবিক আগ্রাসন’, রাশিয়াকে ‘পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতা’ এবং রুশ ‘প্রোপাগান্ডা’ ছড়াতে সহায়তা করার অভিযোগ এনেছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ খেতাবে ভূষিত করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো মন্তব্য করেছিলেন যে, ভবিষ্যতে রাশিয়ান ফুটবল খেলোয়াড়দের আবারও আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফেরার সুযোগ দেওয়া যেতে পারে। তিনি আরও বলেছিলেন, এ ধরনের দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা ও বয়কট কেবল ‘হতাশা ও ঘৃণা’ সৃষ্টি করে। তাঁর এই মন্তব্যের পরই ইউক্রেনীয় কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে সিবিগা ফিফা প্রেসিডেন্টকে ‘নৈতিকভাবে অধঃপতিত’ বলে আখ্যা দেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ফিফা ও উয়েফা রুশ ক্রীড়াবিদদের সব ধরনের আন্তর্জাতিক আসর থেকে নিষিদ্ধ করে রেখেছে। মস্কো এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অলিম্পিক চার্টারের লঙ্ঘন বলে দাবি করে আসছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “খেলাধুলাকে কখনোই রাজনীতিকরণ করা উচিত নয়।”
উল্লেখ্য, ‘মিরোতভোরেতস’ ওয়েবসাইটটি তাত্ত্বিকভাবে স্বাধীন হলেও ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। এই তালিকায় নাম ওঠার পর অতীতে বেশ কয়েকজন ব্যক্তি ‘রহস্যজনক’ মৃত্যু বা হত্যাকাণ্ডের শিকার হওয়ায় এটি বিশ্বজুড়ে ‘কিল লিস্ট’ হিসেবে পরিচিতি পায়। এই ওয়েবসাইটের প্রতিটি প্রোফাইলে জন্মতারিখের নিচে একটি ‘নির্মূলের তারিখ’ উল্লেখ করার জন্য কলাম থাকে, যা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে।
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় একই গ্রামের ১৬২ জন নিহত
অনলাইন গেমে আসক্ত ৩ বোনের একসাথে আত্মহত্যা
