সুইজারল্যান্ডে চলন্ত বাসে অগ্নিকান্ড, ছয় যাত্রী নিহত

সুইজারল্যান্ডের ফ্রিবর্গ ক্যান্টন এর কার্জার্স শহরের কাছে চলন্ত একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সময় বিকেলে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের একটি সড়ক দিয়ে বাসটি যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মুহূর্তের মধ্যে আগুন বাসজুড়ে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা তখন দ্রুত বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতায় কয়েকজন ভেতরেই আটকা পড়ে যান। পরে উদ্ধারকর্মীরা এসে আহত তিনজনকে হাসপাতালে পাঠান।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, আগুনে বাসটির প্রায় পুরো কাঠামোই পুড়ে গেছে।

এ ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। পুলিশের মুখপাত্র ফ্রিড্রিক পাপউ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসের ভেতরে থাকা কোনো ব্যক্তির ইচ্ছাকৃত কর্মকাণ্ডের কারণে আগুন লাগতে পারে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পেট্রোল ঢেলে আগুন দেওয়ার দাবি এখনো নিশ্চিত করেনি পুলিশ। একই সঙ্গে তারা জানিয়েছে, ঘটনার সময় অন্য কোনো যানবাহনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়নি।

ঘটনার পর শোক প্রকাশ করেছেন সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন। সূত্র: আলজাজিরা