হরমুজ প্রণালি পুনরায় চালু এবং সেখানে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে 'বাস্তবসম্মত সামরিক বিকল্প' প্রয়োজন বলে যুক্তরাজ্য ও ফ্রান্সের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন।
লন্ডনে অনুষ্ঠিত সামরিক পরিকল্পনা বৈঠকে তারা বলেন, নেতাদের নেওয়া কূটনৈতিক ঐকমত্যকে এখন কার্যকর সামরিক পরিকল্পনায় রূপ দিতে হবে, যাতে যৌথ ও সমন্বিতভাবে এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা নিশ্চিত করা যায়। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি এবং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ক্যাথরিন ভাত্রঁ এক যৌথ বার্তায় অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি দ্রুত ও সমন্বিত পরিকল্পনার আহ্বান জানান।
তাদের মতে, কূটনৈতিক অগ্রগতিকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হলে কড়া পরিকল্পনা, খোলামেলা আলোচনা এবং জোটভুক্ত দেশগুলোর দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন, যা ইতোমধ্যে কিছু দেশ প্রকাশ করেছে।
বৈঠকে অংশ নেওয়া সামরিক পরিকল্পনাকারীরা উত্তর লন্ডনের নর্থউডে যুক্তরাজ্যের স্থায়ী যৌথ সদর দপ্তরে দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক করছেন, যেখানে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা চলছে।
উভয় কর্মকর্তা জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রণালিটি পুনরায় চালু করা, বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হতে পারে, যদি উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়। সূত্র: সিএনএন