আলজাজিরার বিশ্লেষণ

জাহাজ জব্দ করে হরমুজে উত্তেজনা বাড়াচ্ছে ইরান

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এখন কৌশলগত জলপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন মাত্রায় পৌঁছেছে। দুই পক্ষই একে অপরের জাহাজ আটক, হামলা ও নিয়ন্ত্রণের মাধ্যমে পরিস্থিতিকে ক্রমশ জটিল করে তুলছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) ইরান  হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া দুটি বিদেশি কনটেইনার জাহাজ আটক করে এবং আরও একটি জাহাজে গুলিবর্ষণ করে। এর আগে একই সময়ে যুক্তরাষ্ট্রও ইরান-সম্পর্কিত নৌযানে অভিযান চালিয়েছে বলে দাবি করা হয়।

এর কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের পতাকাবাহী কনটেইনার জাহাজ ‘তৌস্কা’কে আটক করে এবং এটিকে 'অবৈধ কার্যক্রমে জড়িত' বলে উল্লেখ করে। এর প্রতিক্রিয়ায় ইরান ঘটনাটিকে 'নৌদস্যুতা' হিসেবে আখ্যা দেয়। পরে আবার বিভিন্ন আন্তর্জাতিক জলসীমায় ইরান-সম্পর্কিত একাধিক জাহাজকে যুক্তরাষ্ট্র দিক পরিবর্তনে বাধ্য করেছে বলে সংবাদে উল্লেখ করা হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

বিশ্লেষকদের মতে, চলমান এই টানাপোড়েন মূলত হরমুজ প্রণালিকে কেন্দ্র করে গড়ে ওঠা এক ধরনের নৌ-সংঘাত, যেখানে বৈশ্বিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ ঝুঁকির মুখে রয়েছে।

হরমুজ প্রণালি, যা ওমান ও ইরানের মধ্যবর্তী সরু জলপথ, বিশ্বের মোট তেল ও এলএনজি পরিবহনের একটি বড় অংশের পথ হিসেবে ব্যবহৃত হয়। তাই এখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রতিযোগিতা সরাসরি বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করছে।

যুক্তরাষ্ট্র ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করার পর থেকে পরিস্থিতি আরও তীব্র হয়। এরপর থেকে দুই পক্ষই একে অপরের জাহাজ চলাচলে বাধা ও নজরদারি বাড়িয়েছে। ইরান এর জবাবে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আরও কঠোর করে এবং কিছু ক্ষেত্রে বিদেশি জাহাজকে নির্দিষ্ট অনুমোদন ছাড়া চলাচলে বাধা দেয় বলে দাবি করা হয়।

এই অবস্থায় সমুদ্রপথে এমন এক অচলাবস্থা তৈরি হয়েছে যেখানে একদিকে যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে ইরান, দুই পক্ষই প্রবেশ ও প্রস্থান পথ নিয়ন্ত্রণ করছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো একক ঘটনা নয় বরং ধারাবাহিক পাল্টাপাল্টি পদক্ষেপ, যা ধীরে ধীরে পূর্ণাঙ্গ নৌ-সংঘাতে রূপ নিচ্ছে।

আন্তর্জাতিক সংকট বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, প্রতিটি নতুন ঘটনা পরিস্থিতিকে আরও বিস্ফোরণমুখী করে তুলছে এবং যেকোনো একটি সংঘর্ষ বৃহত্তর যুদ্ধের সূচনা ঘটাতে পারে। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন