যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার গাজা উপত্যকায় দখল আরও বিস্তৃত করেছে বলে জানিয়েছেন নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, বর্তমানে ইসরায়েলি বাহিনী গাজার প্রায় ৬০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম জেরুজালেমের একটি ইহুদি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু এ মন্তব্য করেন।
যুদ্ধবিরতি চুক্তির পর ইসরায়েলি সেনাবাহিনী কিছু এলাকা থেকে সরে গেলেও তারা গাজার ৫৩ শতাংশ অংশ দখলে রেখেছিল। চুক্তি অনুযায়ী সেনাদের 'ইয়েলো লাইন' থেকে আরও পেছনে 'রেড লাইন' পর্যন্ত সরে যাওয়ার কথা থাকলেও বাস্তবে ইসরায়েল উল্টো দখল বাড়িয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
ডক্টরস উইদাউট বর্ডার্সের (এমএসএফ) আম্মান কার্যালয়ের ভৌগোলিক তথ্য বিশ্লেষক লরি বুভিয়ে বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার জায়তুন এলাকার মতো নতুন নতুন স্থানে “ইয়েলো ব্লক” চিহ্নিত করা হয়েছে, যা দখল সম্প্রসারণের ইঙ্গিত দেয়।
এদিকে জেরুজালেম অ্যাপ্লাইড রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক তাদ আইজ্যাক গত ৩০ এপ্রিল দাবি করেন, ইসরায়েল বর্তমানে গাজার প্রায় ৬৪ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তার ভাষায়, 'ফিলিস্তিনিদের যতটা সম্ভব ছোট এলাকায় ঠেলে দিতে চায় ইসরায়েল, কারণ গাজার অবশিষ্ট অংশে বসবাসের মতো পরিবেশ আর নেই।'