যুক্তরাষ্ট্র আন্তরিক হলে আলোচনার দরজা খোলা: আরাঘচি

আপডেট : ১৫ মে ২০২৬, ০৫:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের চরম আস্থাহীনতার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে তিনি জানিয়েছেন, দীর্ঘস্থায়ী সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কূটনীতিকে শেষ সুযোগ দিতেই বর্তমানে যুদ্ধবিরতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান।

শুক্রবার (১৫ মে) ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস (BRICS) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর প্রকাশ করেছে।

আব্বাস আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। তবে আমরা যুদ্ধবিরতি ধরে রাখছি যাতে কূটনৈতিক প্রচেষ্টাকে একটি পথ দেওয়া যায়। আমরা চাই না আলোচনার সুযোগটি এখনই নষ্ট হয়ে যাক।’

ইরানের শীর্ষ এই কূটনীতিক আরও জানান, ওয়াশিংটন যদি সত্যিই আন্তরিকতা দেখাতে পারে, তবে ভবিষ্যতে আলোচনায় বসার সম্ভাবনা একদম উড়িয়ে দিচ্ছে না তেহরান। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ওয়াশিংটনের প্রতি এই গভীর অবিশ্বাসের প্রাচীর আলোচনা প্রক্রিয়াকে বারবার বাধাগ্রস্ত করছে।

আরাঘচির মতে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ জরুরি, যা বর্তমানে ওয়াশিংটনের নীতিতে অনুপস্থিত। এই আস্থাহীনতার পরিবেশ আলোচনার স্বাভাবিক গতিকে আরও জটিল করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

FJ
আরও পড়ুন