হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে সম্ভাব্য আন্তর্জাতিক মিশনে ন্যাটোর অংশগ্রহণের ধারণা সরাসরি নাকচ করে দিয়েছে ফ্রান্স। দেশটি বলছে, মধ্যপ্রাচ্যের এই সংকটে ন্যাটোর সম্পৃক্ততা জোটটির মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, 'আমাদের অবস্থান স্পষ্ট এবং ধারাবাহিক। উত্তর আটলান্টিক চুক্তি মূলত উত্তর আটলান্টিক অঞ্চলকে ঘিরেই প্রযোজ্য।'
তিনি আরও বলেন, 'মধ্যপ্রাচ্য কিংবা হরমুজ প্রণালির মতো ইস্যুকে কেন্দ্র করে ন্যাটোর সক্রিয় হওয়া জোটটির উদ্দেশ্যও নয়, বাস্তবতার দিক থেকেও এটি উপযুক্ত কোনো কাঠামো নয়।'
হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের যৌথ উদ্যোগ নিয়ে আলোচনা চলছে। তবে ফ্রান্সের এই অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ইউরোপীয় দেশগুলোর মধ্যেও এ বিষয়ে কৌশলগত মতপার্থক্য রয়ে গেছে। সূত্র: আলজাজিরা