ইরান ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নেতানিয়াহু একজন ভালো মানুষ এবং তিনি যেভাবে নির্দেশ দেওয়া হবে, সেভাবেই কাজ করবেন। একই সঙ্গে ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো নেই বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২০ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।
ইরানে সম্ভাব্য হামলা নিয়ে সম্প্রতি নেতানিয়াহুর সঙ্গে তার অবস্থান কী, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'নেতানিয়াহু খুব ভালো মানুষ। ভুলে গেলে চলবে না, তিনি একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী।' তিনি আরও বলেন, 'তিনি (নেতানিয়াহু) ঠিক আছেন। আমি তাকে যা করতে বলব, তিনি সেটাই করবেন।'
ইরানের সঙ্গে সীমিত কোনো চুক্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তার প্রধান অগ্রাধিকার হলো হরমুজ প্রণালি খোলা রাখা এবং যুদ্ধবিরতি বজায় রাখা।
মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর অনুরোধের পর চলতি সপ্তাহে ইরানের ওপর নির্ধারিত একটি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেন ট্রাম্প। এরপর থেকে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কিছুটা অনিশ্চিত ও সময়সীমাহীনভাবে এগোচ্ছে বলে বিশ্লেষকদের মত। সূত্র: সিবিএস নিউজ
আমি যা বলব, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প