১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে: তুরস্ক

ইসরায়েল যদি ১৯৬৭ সালের সীমান্তভিত্তিক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তবে তারা আঞ্চলিক সহযোগিতা কাঠামোর অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক সমাধান বাস্তবায়িত হলে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতায় ইসরায়েলের অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

তিনি বলেন, এই কাঠামোর মধ্যে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিসরসহ একাধিক উপসাগরীয় দেশ অন্তর্ভুক্ত হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ইরানকেও এতে যুক্ত করার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ফিদান আরও বলেন, অঞ্চলের সব দেশকে একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।

এদিকে আগামী জুলাই মাসে আঙ্কারায় গুরুত্বপূর্ণ ন্যাটো সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। তার প্রেক্ষাপটেই এ ধরনের কূটনৈতিক আলোচনার গুরুত্ব বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আব্রাহাম চুক্তি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মধ্যপ্রাচ্যের একাধিক দেশকে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। সূত্র: আলজাজিরা