হরমুজ থেকে লেবানন, সমঝোতা চুক্তিতে থামবে সংঘাত: ম্যাক্রোঁ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারককে স্বাগত জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এই চুক্তি হরমুজ প্রণালি থেকে লেবানন পর্যন্ত সংঘাতের অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও এটি দুই পক্ষের সব অমীমাংসিত সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধান করবে না, তবুও তিনি একে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রোঁ বলেন, এই সমঝোতা কি সঙ্গে সঙ্গেই সব সমস্যার সমাধান করবে? না। তবে প্রশ্ন হলো, যুদ্ধ চলতে থাকলে কী হতো?

তিনি বলেন, হরমুজ প্রণালি মাসের পর মাস বন্ধ থাকার ঝুঁকি ছিল। তেল ও গ্যাস অবকাঠামো ধ্বংস হওয়ার আশঙ্কা ছিল, যা কয়েক মাস নয়, বরং কয়েক বছর ধরে বৈশ্বিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারত। পাশাপাশি প্রাণহানি, লেবাননের অস্থিতিশীলতা এবং পুরো অঞ্চলের আরও গভীর সংকটের ঝুঁকিও ছিল।

ম্যাক্রোঁর ভাষায়, আমাদের মানবিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দায়িত্ব রয়েছে। তাই হরমুজ প্রণালি থেকে লেবানন পর্যন্ত সংঘাতের অবসান ঘটাতে পারে, এমন একটি চুক্তি অবশ্যই ইতিবাচক বিষয়।

ফরাসি প্রেসিডেন্টের মতে, সমঝোতাটি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা, যদিও সামনে এখনো বেশ কিছু জটিল ইস্যুর সমাধান বাকি রয়েছে। সূত্র: আলজাজিরা