হ্যালোইনে সহিংস বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ এএম

হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে ফ্রান্সে নতুন করে সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কা করছে দেশটির সরকার। শনিবার (৩১ অক্টোবর) সম্ভাব্য বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ এ তথ্য জানান। তিনি বলেন, ৩১ অক্টোবর জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুঁকি ‘অত্যন্ত বেশি’। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁজোয়া যান ও জলকামানসহ নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের প্রস্তুতিও জোরদার করা হচ্ছে।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে ফ্রান্সে বিক্ষোভ চলছে। এসব কর্মসূচির কয়েকটি সহিংসতা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটে রূপ নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গত শনিবার দেশজুড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে শ্রমিক সংগঠনগুলোর দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ। এর আগের সপ্তাহের বিক্ষোভে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন ও শিক্ষার্থী সংগঠনগুলো শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দিয়েছে। এ পরিস্থিতিতে হ্যালোইনের পোশাক বা মুখোশকে ব্যবহার করে জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা না করতে সতর্ক করেছেন নুনেজ।

তিনি জানান, বিক্ষোভের অনুমতি দেওয়া হলেও যেসব নগরকেন্দ্রে জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে কর্মসূচি আয়োজনের অনুমতি দেওয়া হবে না।

এদিকে ফ্রান্সের প্রায় ১৫টি শহরে বিক্ষোভের সময় বামপন্থী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ানো কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলোকেও সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো ধরনের বাড়াবাড়ি বা সহিংসতা বরদাশত করা হবে না এবং আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।

নুনেজের অভিযোগ, কট্টর বামপন্থী গোষ্ঠী ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কিছু কর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যালোইনের রাতে ‘বিপ্লবের’ ডাক দিয়ে বিক্ষোভের প্রচার চালাচ্ছেন। এ ধরনের জমায়েত নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ইয়েলো ভেস্ট আন্দোলন ইতিমধ্যে তাদের বিক্ষোভের ‘তৃতীয় পর্ব’ ঘোষণা করেছে। আন্দোলনকারীরা জাতীয় সংসদ ভবন এবং দেশের সব পৌরসভা ভবনের সামনে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত