ফ্রান্সের ইউরোনাভাল-২০২৬ সামুদ্রিক প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর ওপর নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। প্রদর্শনীতে অংশ নেওয়া ইসরায়েলি বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের আক্রমণাত্মক অস্ত্র পূর্ণাঙ্গভাবে প্রদর্শন করতে পারবে না। আগামী ৩ নভেম্বর প্যারিসের কাছে ভিলেপিন্তে এলাকায় বিশ্বের বৃহত্তম এই নৌ প্রতিরক্ষা প্রদর্শনী শুরু হওয়ার কথা রয়েছে।
জেরুজালেম পোস্ট-এর ডিফেন্স অ্যান্ড টেক বিভাগ শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির বরাতে বলা হয়েছে, প্রদর্শনীর আয়োজকদের ফরাসি সরকার জানিয়েছে, ইসরায়েলি বেসরকারি প্রদর্শকদের জন্য আবারও স্পষ্টভাবে নির্ধারিত ও কঠোর বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে।
ফ্রান্সের এই পদক্ষেপকে ইসরায়েলি প্রতিরক্ষা প্রযুক্তিকে আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা করার ধারাবাহিক নীতির অংশ হিসেবে দেখছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তাদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনার আড়ালে ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পকে আন্তর্জাতিক প্রদর্শনী থেকে দূরে রাখার চেষ্টা চলছে।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস জানিয়েছে, ইউরোনাভালে প্রথমবারের মতো তাদের চালকবিহীন ডুবোযান প্রযুক্তি প্রদর্শন করা হবে। গত সপ্তাহে স্বয়ংক্রিয় ডুবোযান নির্মাতা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সাবমেরিন ইঞ্জিনিয়ারিং বা আইএসই অধিগ্রহণের পর এলবিটের সামুদ্রিক প্রযুক্তির পরিসর আরও বিস্তৃত হয়েছে। আইএসই বিশ্বের ২০টির বেশি দেশের গ্রাহকদের কাছে ২৫০টিরও বেশি ডুবোযান সরবরাহ করেছে।
প্রদর্শনীতে এলবিটের নতুন ডুবোযান প্রযুক্তির পাশাপাশি তাদের সিগাল সিরিজের চালকবিহীন সামুদ্রিক যান এবং নৌবাহিনীর জন্য তৈরি অন্যান্য প্রযুক্তিও তুলে ধরার কথা রয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপর ফ্রান্সের এ ধরনের বিধিনিষেধ অবশ্য নতুন নয়। ২০২৪ সালের অক্টোবরে ইউরোনাভালে ইসরায়েলি কোম্পানিগুলোর অংশগ্রহণ প্রথমে নিষিদ্ধ করা হয়েছিল। পরে প্যারিসের একটি বাণিজ্যিক আদালতের রায়ে সেই সিদ্ধান্ত বাতিল হয়।
চলতি বছরের জুনে ফ্রান্সের ইউরোস্যাটরি প্রতিরক্ষা প্রদর্শনীতেও ইসরায়েলের সরকারি প্রতিনিধিদল ও জাতীয় প্যাভিলিয়ন স্থাপনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ইসরায়েলি কোম্পানিগুলোকে কেবল আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত পণ্য প্রদর্শনের অনুমতি দেওয়া হয়। আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। প্রদর্শনী চলাকালে স্মার্ট শুটার, কনট্রপ, অ্যারোনটিকস ও মারোমসহ কয়েকটি ইসরায়েলি প্রতিষ্ঠানের স্টলের সামনে কাঠের প্রতিবন্ধকও স্থাপন করেছিলেন আয়োজকেরা। কয়েকটি স্টল পুরো প্রদর্শনীজুড়েই আড়াল করা ছিল।
২০২৫ সালের জুনে প্যারিস এয়ার শোতেও একই ধরনের ঘটনা ঘটে। প্রদর্শনী শুরুর আগে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, রাফায়েল ও এলবিট সিস্টেমসের স্টলের চারপাশে রাতারাতি কালো দেয়াল তুলে দেওয়া হয়েছিল।
এ ছাড়া ২০২৭ সালের পরবর্তী প্যারিস এয়ার শোতে ইসরায়েলি কোম্পানিগুলোকে উল্লেখযোগ্য প্রদর্শনী জায়গা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। জায়গার স্বল্পতাকে এর কারণ হিসেবে উল্লেখ করেছেন আয়োজকেরা। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট
নিষেধাজ্ঞার আড়ালে অস্ত্রভান্ডার কীভাবে সচল রাখলো ইরান?
ইরানের সাত শর্ত মেনে না নিলে আলোচনায় অগ্রগতি হবে না: গালিবাফ
‘ঝড়ের বীজ বুনলে ঝড়ই কাটতে হবে’, ইউরোপকে মোখবারের হুঁশিয়ারি
সৌদি-ইরান দ্বন্দ্ব: সুন্নি-শিয়া বিরোধ, নাকি মুসলিম বিশ্বের নেতৃত্বের লড়াই?