ওমেগা ব্লক কী এবং কীভাবে তৈরি হয়

ওমেগা ব্লকের দাপটে ইউরোপে রেকর্ড তাপমাত্রা

ইউরোপজুড়ে রেকর্ড তাপমাত্রার পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়াগত পরিস্থিতি। এর প্রভাবে মৌসুমি স্বাভাবিক গড়ের তুলনায় অনেক বেশি তাপমাত্রা বিরাজ করছে, যা মহাদেশজুড়ে তীব্র দাবদাহকে আরও দীর্ঘস্থায়ী ও ভয়াবহ করে তুলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে (শনিবার-রোববার) গিয়ে সবচেয়ে তীব্র তাপপ্রবাহ কিছুটা দুর্বল হতে পারে। একই সঙ্গে রোববার (২৮ জুন) থেকে কয়েকটি এলাকায় ভারী বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

দাবদাহের কারণে ইউরোপজুড়ে নানা ধরনের প্রভাব দেখা দিয়েছে। বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে, কৃষিখাত ক্ষতির মুখে পড়েছে এবং অতিরিক্ত রোগীর চাপে কয়েকটি হাসপাতালও হিমশিম খাচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ‘ওমেগা ব্লক’ এমন একটি আবহাওয়াগত বিন্যাস, যেখানে বায়ুমণ্ডলে বিশাল একটি উষ্ণ বায়ুর স্তর দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট অঞ্চলের ওপর আটকে থাকে। এর চারপাশে অপেক্ষাকৃত শীতল বায়ু অবস্থান করায় গরম বাতাস সহজে সরে যেতে পারে না, ফলে তাপপ্রবাহ আরও দীর্ঘায়িত হয়।

এদিকে তীব্র গরমে ইউরোপজুড়ে বৈদ্যুতিক পাখার চাহিদা হঠাৎ বেড়ে গেছে। পাশাপাশি এশিয়ার বিভিন্ন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ইউরোপে বিক্রিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সূত্র: সিএনএন