তীব্র দাবদাহে একদিনের ব্যবধানে আবারও তাপমাত্রার রেকর্ড ভেঙেছে ফ্রান্স। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার (২৪ জুন) ২৪ ঘণ্টার গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগের রেকর্ডটি গড়া হয়েছিল মাত্র একদিন আগে। মঙ্গলবার (২৩ জুন) দেশটির গড় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সেই রেকর্ডও ভেঙে গেছে।
রাজধানী প্যারিসসহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিম-দক্ষিণাঞ্চলের পালু এলাকায়, যেখানে পারদ উঠেছে ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
দাবদাহের কারণে ফ্রান্সজুড়ে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, স্কুল বন্ধ রাখতে হয়েছে এবং স্বাস্থ্যসেবার ওপর চাপ বেড়েছে। অতিরিক্ত গরম থেকে বাঁচতে মানুষ পার্ক, ফোয়ারা ও শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে আশ্রয় নিচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, ইউরোপজুড়ে চলমান এই তাপপ্রবাহ সাম্প্রতিক দশকগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ। জলবায়ু পরিবর্তনের কারণে এমন চরম তাপমাত্রার ঘটনা ক্রমেই বেশি ঘনঘন এবং তীব্র হয়ে উঠছে বলেও সতর্ক করেছেন তারা।
পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ফ্রান্সের বহু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকবে। ফলে নতুন করে আরও রেকর্ড ভাঙার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সূত্র: সিএনএন
ফ্রান্সে তীব্র তাবদাহে বিদ্যুৎহীন ৬৮ হাজার পরিবার
ফ্রান্সে তীব্র গরমে ৬ হাজার স্কুল বন্ধ
ফ্রান্সে তাপদাহে বন্ধ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ