চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে বাংলাদেশ। একই সময়ে গত দুই বছরের তুলনায় ইতালিতে সমুদ্রপথে পৌঁছানো অভিবাসীর মোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যানে উঠে এসেছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটির উপকূলে পৌঁছেছেন মোট ১৪ হাজার ৬২৩ জন অভিবাসী।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরেও সমুদ্রপথে ইতালি পৌঁছানো অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা শীর্ষে।
বাংলাদেশের পর সবচেয়ে বেশি অভিবাসী যে দেশ থেকে এসেছে তা নিচে দেওয়া হলো:-
দেশ | সংখ্যা |
| সোমালিয়া | ১ হাজার ৭০২ |
| সুদান | ১ হাজার ৩৭১ |
| পাকিস্তান | ১ হাজার ১৮৫ |
| আলজেরিয়া | ১ হাজার ১০৬ |
| মিশর | ৯৩৬ |
| ইরিত্রিয়া | ৬৬২ |
| টিউনিশিয়া | ৬২৬ |
| মালি | ৩১০ |
| নাইজেরিয়া | ২৯১ |
| আইভরি কোস্ট | ২১৬ |
| ইথিওপিয়া | ১৯৯ |
| ইরান | ১৮৩ |
| গিনি | ১৭৯ |
| দক্ষিণ সুদান | ১৮০ |
এ ছাড়া বিভিন্ন দেশের আরও ১ হাজার ১৬৩ জন অভিবাসী রয়েছেন, যাদের মধ্যে পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরাও অন্তর্ভুক্ত।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের একই সময়ের তুলনায় গত দুই বছরে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা ছিল অনেক বেশি।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত ইতালিতে পৌঁছান ৩১ হাজার ৪৩০ জন অভিবাসী। ২০২৪ সালের একই সময়ে এ সংখ্যা ছিল ২৬ হাজার ৬৬৪। সেখানে ২০২৬ সালের একই সময়ের হিসাব অনুযায়ী ইতালিতে পৌঁছেছেন ১৪ হাজার ৬২৩ জন। অর্থাৎ, ২০২৫ সালের তুলনায় প্রায় ৫৩ শতাংশ এবং ২০২৪ সালের তুলনায় প্রায় ৪৫ শতাংশ কম অভিবাসী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতিটি মাসেই সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা আগের দুই বছরের একই সময়ের তুলনায় কম ছিল।
- জানুয়ারিতে: ১ হাজার ৪৫৭ জন
- ফেব্রুয়ারিতে: ২ হাজার ৫১০ জন
- মার্চে: ২ হাজার ১৫০ জন
- এপ্রিলে: ২ হাজার ৪৫৯ জন
- মে : ৩ হাজার ৫৪ জন
- জুনে: ২ হাজার ৭৫৮ জন
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৭ জুলাই সকাল ৮টা পর্যন্ত নথিভুক্ত সমুদ্রপথে আগমনের তথ্যের ভিত্তিতে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে। যাচাই-বাছাই শেষে এতে সামান্য পরিবর্তন হতে পারে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস