যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কড়া হুঁশিয়ারি ইরানের

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:২৬ এএম

ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলার নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক কর্তৃপক্ষ 'খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স'। ইরানের সশস্ত্র বাহিনী স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছে, এবারের পাল্টা জবাব অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও অনেক বেশি কঠোর হবে। খবর আলজাজিরার।

বুধবার (৮ জুলাই) এক বিবৃতিতে ইরানের সামরিক কর্তৃপক্ষ এই হামলাকে ‘স্পষ্ট আগ্রাসন’ বলে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে তারা দাবি করে, এই হামলা এমন এক সংবেদনশীল সময়ে চালানো হয়েছে যখন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার মরদেহ ইরাকে শেষ বিদায় সংক্রান্ত আনুষ্ঠানিকতার অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তাদের দাবি, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকারের নিরাপদ চলাচলের একমাত্র স্বীকৃত পথ হলো ইরান নির্ধারিত রুট।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানের সাম্প্রতিক হামলার জবাবেই তারা এই পাল্টা অভিযান চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ইরানের ওই হামলা ছিল সম্পূর্ণ অযৌক্তিক, বিপজ্জনক এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন হামলার পর দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১৪টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিক শহরে ১০টি এবং কেশম দ্বীপের মেইসিন গ্রামে আরও ৪টি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের এই অভিযানের পর বাহরাইনসহ বেশ কিছু আরব দেশ ইরানের নিন্দা জানালেও, ইরানের অনড় অবস্থান ও পাল্টা হামলার হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।

SN
আরও পড়ুন