শিশুকে যৌন নিপীড়ন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের ৯ বছরের জেল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম

যুক্তরাজ্যের কেন্টে এক শিশুকে পাঁচ বছর ধরে যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত এক মসজিদের ইমামকে নয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ছয়টি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর গত ২৬ নভেম্বর এ সাজা ঘোষণা করা হয়। একই সঙ্গে ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করতে অভিযুক্তের ওপর বিশেষ বিধিনিষেধও আরোপ করেছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মুহাম্মদ ইসলাম (৫৫)। তিনি কেন্টের চ্যাথাম এলাকার একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। কেন্ট পুলিশের তথ্য অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাঁচ বছর ধরে ওই শিশুকে লক্ষ্য করে যৌন নিপীড়ন চালান তিনি। মেইডস্টোন ক্রাউন কোর্টে বিচার শেষে জুরিরা তাকে ছয়টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন। 

কেন্ট পুলিশের প্রকাশিত তদন্তের বিবরণ অনুযায়ী, ২০০৯ সালে নির্যাতনের ঘটনা বন্ধ হলেও দীর্ঘদিন বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছায়নি। ২০১৮ সালে ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া যৌন নিপীড়নের কথা জানান। এরপর পরিবারের সদস্যরা অভিযুক্ত ইমামের মুখোমুখি হন।

প্রথমে অভিযোগ অস্বীকার করলেও পুলিশকে বিষয়টি জানানোর কথা শুনে নিজের অবস্থান পরিবর্তন করেন ইসলাম। পরিবারের সদস্যদের কাছে ক্ষমাও চান তিনি। তবে তাতেও বিষয়টির আইনি নিষ্পত্তি থেমে থাকেনি।

পরবর্তীতে ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই কেন্ট পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়।

মামলাটি মেইডস্টোন ক্রাউন কোর্টে বিচারাধীন থাকাকালে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন বিচারক ও জুরিরা। বিচার শেষে ছয়টি যৌন নিপীড়নের অভিযোগে ইসলামকে দোষী সাব্যস্ত করা হয়।

গত ২৬ নভেম্বর একই আদালতে সাজা ঘোষণার সময় তাকে নয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তার মুক্তির পরও যেন ভুক্তভোগীর নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য ‘সেক্সুয়াল হার্ম প্রিভেনশন অর্ডার’ জারি করা হয়েছে। আদালত পৃথকভাবে একটি নিষেধাজ্ঞাও দিয়েছেন, যার মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে তার যোগাযোগ ও কাছে যাওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা ডিটেকটিভ কনস্টেবল কনর মিডলটন ভুক্তভোগীর সাহস ও ন্যায়বিচারের জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়ার প্রশংসা করেছেন। তিনি বলেন, যৌন নিপীড়নের শিকার কেউ সামনে এসে অভিযোগ করলে পুলিশ তার কথা শুনবে, বিশ্বাস করবে এবং প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ কাজ করবে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: কেন্ট পুলিশ, যুক্তরাজ্য।

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত