রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের অন্যতম প্রধান বন্দর নোভোরোসিস্কে ইউক্রেনের বিমান ও নৌ-ড্রোন হামলায় দেশটির দুটি প্রধান শস্য রপ্তানি টার্মিনাল এবং শেষ বড় নৌঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ হামলায় রাতের আঁধারে চালানো এই হামলায় শিশুসহ অন্তত ৩ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে একটি "অনন্য অভিযান" হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তীতে ইউক্রেনীয় সামরিক বাহিনী দাবি করে, তাদের ড্রোন ও রকেট হামলায় রাশিয়ার দুটি ফ্রিগেটসহ মোট চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের লাগাতার আক্রমণের মুখে অধিকৃত ক্রিমিয়ার সেভাসতোপোল ঘাঁটি ছাড়তে বাধ্য হয়ে রাশিয়া তাদের কৃষ্ণসাগরীয় নৌবহরের বেশিরভাগ জাহাজ নিরাপদ মনে করে নোভোরোসিস্কে সরিয়ে নিয়েছিল।
রাশিয়া বিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ। তবে নোভোরোসিস্কে ইউক্রেনীয় হামলায় শস্য টার্মিনাল ও পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাশিয়ার শস্য রপ্তানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
রাশিয়ার কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখন বাল্টিক ও কাস্পিয়ান সাগরের বন্দর দিয়ে এবং সড়কপথে শস্য পরিবহনের পরিকল্পনা করছে।