জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২৭

জিম্বাবুয়ের মধ্যাঞ্চলে গির্জার সদস্যদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে রাজধানী হারারে থেকে প্রায় ১৩২ কিলোমিটার দক্ষিণে চিভু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, মিনিবাসটিতে একটি জনপ্রিয় স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং সেটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত ছবিতে দুর্ঘটনাস্থলে বিধ্বস্ত ও আগুনে পুড়ে যাওয়া মিনিবাসের ধ্বংসাবশেষ দেখা গেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসি নিউজ জানিয়েছে, দুর্ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়ায়।

দুর্ঘটনায় আহত আরও সাতজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। মিনিবাস ও ট্রাকে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

জিম্বাবুয়ের সড়কে ভয়াবহ দুর্ঘটনা নতুন নয়। অতিরিক্ত যাত্রী বহন, ঝুঁকিপূর্ণ চালনা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে সড়কের খারাপ পরিস্থিতিকে দেশটিতে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ৯৪ শতাংশ সড়ক দুর্ঘটনার পেছনে মানবিক ভুল দায়ী।

দুর্ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত শেষে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।