ফিলিস্তিনি বন্দীদের কারাগারে আরও কঠিন পরিস্থিতিতে রাখার কথা বলে গর্ব প্রকাশ করেছেন ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভির। রোববার (৩০ আগস্ট) নারী বন্দীদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনের দুই মাস আগে প্রকাশ করা এক ভিডিওতে এক নারী বন্দী অভিযোগ করেন, কারাগারে তাদের অবস্থা খুবই খারাপ। তাদের কোনো অধিকার নেই বলেও জানান তিনি। ওই নারী বলেন, তিন দিন ধরে তারা গোসল করতে পারেননি এবং অন্তর্বাসও বদলাতে পারেননি। এতে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ভিডিওতে ওই বন্দীর অভিযোগের জবাবে বেন গাভির বলেন, গাজায় হামাস ও অন্য সশস্ত্র গোষ্ঠীর হাতে দীর্ঘদিন জিম্মি থাকা ইসরায়েলিরাও এমন সুবিধা পাননি। তিনি বলেন, ফিলিস্তিনি বন্দীদের সুযোগ-সুবিধা ‘ন্যূনতম পর্যায়ে’ নামিয়ে আনতে পেরে তিনি গর্বিত।
বেন গাভির বলেন, ইসরায়েলি জিম্মিদের শ্যাম্পু পর্যন্ত দেওয়া হয়নি। কারাগারে বন্দীদের জন্য ‘সামার ক্যাম্প’ও শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।
উসকানিমূলক বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য বেন গাভির আগেও সমালোচিত হয়েছেন। কর্মজীবনের শুরুতে বর্ণবাদসহ বিভিন্ন অপরাধে তিনি দণ্ডিত হয়েছিলেন।
চলতি বছরের শুরুতে গাজা অবরোধ ভাঙার চেষ্টা করা একটি নৌবহরের বিদেশি কর্মীদের আটক করার পর তাদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন বেন গাভির। ভিডিওতে তাদের বিদ্রূপ করতে দেখা যায় তাকে। পরে কয়েকজন আটক কর্মী শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। অস্ট্রেলিয়ার এক নারী ইসরায়েলি কর্তৃপক্ষের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগও করেন। ইসরায়েল অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি গাজায় প্রতি রাতে ৩০ থেকে ৪০ ফিলিস্তিনিকে হত্যা করা উচিত বলেও মন্তব্য করেন বেন গাভির। তার এই বক্তব্যও আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়।
ভিডিওতে কথা বলা নারী বন্দীর নাম ইয়াসমিন শাবান বলে জানিয়েছেন তার স্বামী। ২০২৫ সালের মে মাসে জেনিনের কাছে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আবার গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। এর কয়েক মাস আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের বন্দী বিষয়ক কমিশন বেন গাভিরের বক্তব্যের নিন্দা জানিয়েছে। কমিশন তার আচরণকে ‘নিষ্ঠুরতা, ঘৃণা ও বর্ণবাদ’ বলে অভিহিত করেছে।
হামাস পরিচালিত গাজার বন্দী বিষয়ক মন্ত্রণালয়ও বেন গাভিরের ভিডিওর সমালোচনা করেছে। তাদের ভাষ্য, ভিডিওটি ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষের আচরণের ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
এদিকে ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিভিন্ন জনমত জরিপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের অবস্থান দুর্বল হয়ে পড়েছে। ডানপন্থীদের অবস্থান শক্ত করতে আরেক উগ্র জাতীয়তাবাদী নেতার সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বানও প্রত্যাখ্যান করেছেন বেন গাভির।
সূত্র: আরব নিউজ