ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ব্যবহৃত একটি মার্কিন বিমানঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অপরাধের সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সন্ত্রাসবিরোধী পুলিশিংয়ের জ্যেষ্ঠ জাতীয় সমন্বয়ক ভিকি ইভান্স এক বিবৃতিতে বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গ্রেপ্তার হওয়া পাঁচজন পুলিশের হেফাজতেই রয়েছেন। ঘটনার পরিস্থিতি বুঝতে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ড ঘাঁটিতে থাকা বোমারু বিমান ব্যবহারের অনুমতি দিয়েছিল ব্রিটিশ সরকার। হরমুজ প্রণালিতে জাহাজে হামলার জন্য দায়ী বলে অভিযুক্ত ইরানি ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব বিমান ব্যবহার করা হয়।
এর আগে জুলাইয়ে ব্রিটেন জানিয়েছিল, যেকোনো হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখতে তাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছিল, ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে মার্কিন বোমারু বিমান উড়তে দেওয়ার অনুমতি দেওয়া হলে ওই ঘাঁটি থেকে পরিচালিত যেকোনো হামলার জন্য সেটিকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। সূত্র: আলজাজিরা