ট্রাম্পের সম্মতি নিয়ে ধোঁয়াশা, ইউক্রেনের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদন অনিশ্চিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন কি না, তা স্পষ্ট করেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক দিন আগে দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দেবে বলে ট্রাম্প তাকে জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে চলতি সপ্তাহে নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন জেলেনস্কি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, বৈঠকে ট্রাম্প তাকে জানিয়েছেন, ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স পাবে।

তবে শনিবার (২৬ সেপ্টেম্বর) সম্ভাব্য ওই লাইসেন্স চুক্তি নিয়ে জানতে চাইলে ট্রাম্প বিষয়টি সরাসরি নিশ্চিত করেননি। তিনি জানান, বৈঠকে জেলেনস্কির সঙ্গে গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। তবে জবাবে তিনি ইউক্রেন ও রাশিয়াকে যুদ্ধ শেষ করার জন্য একটি সমঝোতায় পৌঁছানোর আহ্বানের ওপর বেশি জোর দেন।

হোয়াইট হাউস ছাড়ার আগে টেনেসিতে একটি কলেজ ফুটবল ম্যাচে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে বৈঠকে তারা অনেক ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং এসব বিষয়ের অনেকগুলোতেই শক্তিশালী সমঝোতা হয়েছে। তবে তিনি জেলেনস্কিকে কী করতে চান এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি চান জেলেনস্কি একটি চুক্তিতে পৌঁছান। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান তিনি।

ট্রাম্পের মন্তব্যের বিষয়ে আরও ব্যাখ্যার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে সংবাদমাধ্যমটি।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম অল্প কয়েকটি অস্ত্র ব্যবস্থার একটি। তবে সম্প্রতি বিশ্বজুড়ে এই ক্ষেপণাস্ত্রের সরবরাহে সংকট তৈরি হওয়ায় কয়েক ডজন দেশ নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দ্রুত প্যাট্রিয়ট সংগ্রহের উদ্যোগ নেয়। এতে ইউক্রেনের জন্য এই ক্ষেপণাস্ত্রের সরবরাহও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে।

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থা তৈরির অনুমতি দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে আসছেন জেলেনস্কি। চলতি বছরের জুলাইয়ে ট্রাম্পের কিছু বক্তব্য থেকে এমন ব্যবস্থার সম্ভাবনার ইঙ্গিত পাওয়ার পর তিনি এ বিষয়ে আরও জোর দেন। সম্ভাব্য ওই ব্যবস্থায় মার্কিন কোম্পানিগুলোর সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণেও রুশ প্রেসিডেন্ট পুতিনকে ‘পেশেন্ট জিরো’ বলে উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট যত বেশি স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবেন, সবার জন্য বিশ্ব তত বেশি বিপজ্জনক হয়ে উঠবে।

এদিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থা ছাড়া সাম্প্রতিক সময়ে রাশিয়ার ধারাবাহিক হামলা ঠেকাতে ইউক্রেনকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। দেশটিতে এসব হামলায় নিহতের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার কিয়েভে দিনের বেলায় চালানো একাধিক ড্রোন হামলায় সাতজন নিহত হন। সূত্র: সিএনএন

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত