কিয়েভের স্কুলে রুশ ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি স্কুলে রুশ ড্রোন আঘাত হানলেও অল্পের জন্য প্রাণে বেঁচেছে সেখানে থাকা শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে হামলার সময় স্কুলটির সব শিক্ষার্থী আশ্রয়কেন্দ্রে থাকায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ।

হামলার পর স্কুল ভবনে আগুন ধরে যায় এবং ভবনের জানালাগুলো ভেঙে যায়। রয়টার্সের যাচাই করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ড্রোনটি ভবনের তৃতীয় তলায় আঘাত হানার পর সেখানে বড় ধরনের আগুনের গোলা তৈরি হয়। পরে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনের আশপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ সরানোর কাজ করেন।

স্কুলটির পরিচালক ভ্যালেন্তিনা চোর্না জানান, হামলার সময় ভবনে ১০০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিল। হামলার পর তিনি রাশিয়ার বিরুদ্ধে শিশুদেরও রেহাই না দেওয়ার অভিযোগ করেন।

এদিকে বৃহস্পতিবার কিয়েভের গুরুত্বপূর্ণ সাউদার্ন ব্রিজেও রুশ ড্রোন হামলা হয়েছে। মেয়র ভিতালি ক্লিচকোর ভাষ্য অনুযায়ী, দুপুরের দিকে দুটি ড্রোন সেতুটিতে আঘাত হানে। পরে রাতে আরেকটি হামলায় সেতুর একটি সাপোর্ট, সড়কের অংশ এবং সেতুর ওপর দিয়ে যাওয়া মেট্রোর সুরক্ষা কাঠামো ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর সেতুটির ওপর দিয়ে মেট্রো ও সড়ক পরিবহন বন্ধ করে দেওয়া হয়। কিয়েভের জরুরি বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ শুরু করেন। স্থানীয় টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে সেতুর একটি অংশে আগুন জ্বলতে দেখা গেছে।

কিয়েভে রুশ বাহিনীর প্রায় অব্যাহত হামলার মধ্যেই এসব আঘাত এসেছে। রাশিয়া সম্প্রতি জেটচালিত ড্রোন ব্যবহার বাড়িয়েছে। প্রচলিত ড্রোনের তুলনায় এগুলো বেশি উচ্চতায় ও দ্রুতগতিতে উড়তে পারে এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষার জন্য এগুলো প্রতিহত করা কঠিন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বুধবার ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার বিদ্যুৎ অবকাঠামোর বিরুদ্ধে নতুন করে শীতকালীন হামলা শুরুর কথা জানিয়েছিলেন। এর আগে বুধবার রাতে কিয়েভের নিউক্লিয়ার রিসার্চ ইনস্টিটিউটেও একটি ড্রোন আঘাত হানে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। তবে সেখানে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়।

সোমবার কিয়েভের কেন্দ্রস্থলে ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস ভবনেও রুশ ড্রোন আঘাত হেনেছিল। ওই ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হন।

এদিকে ইউক্রেনের ওদেসা শহরেও বৃহস্পতিবার রুশ হামলায় একটি ব্যবসায়িক কেন্দ্রে একজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বিস্তারিত জানানো হয়নি।

রাশিয়া বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে এবং দাবি করে, তাদের হামলার লক্ষ্য সামরিক স্থাপনা। অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও বিভিন্ন বাণিজ্যিক স্থাপনায় ড্রোন হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গ্রাইভোরন শহরে ইউক্রেনীয় ড্রোন বিস্ফোরণে একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: রয়টার্স