গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ নৌসেনা গ্রেপ্তার

বিদেশি একটি শক্তির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ রয়্যাল নেভির এক সদস্যের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ গঠন করা হয়েছে। ২৪ বছর বয়সী টেডি ইয়ংয়ের বিরুদ্ধে সুরক্ষিত তথ্য কপি করে তা বিদেশি শক্তির স্বার্থে ব্যবহারের উদ্দেশ্য থাকার অভিযোগ আনা হয়েছে।

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনের অধীনে ইয়ংয়ের বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে এসব অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেডফোর্ডশায়ারে নিজের ঠিকানা থেকে ইয়ংকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ অক্টোবর) তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। এর আগে গত বছরের ২১ মে তাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়েছিল।

প্রথমবার গ্রেপ্তারের পর ইয়ংয়ের নিরাপত্তা ছাড়পত্র স্থগিত করা হয় এবং তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানা গেছে। তদন্ত চলাকালে কোনো সামরিক স্থাপনায় প্রবেশের অনুমতিও তাকে দেওয়া হয়নি।

লন্ডনের সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, সশস্ত্র বাহিনীর একজন কর্মরত সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। তদন্ত এগিয়ে নেওয়ার সময় সম্ভাব্য ঝুঁকি কমাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে পুলিশ।

মামলাটি আদালতে বিচারাধীন থাকায় এ বিষয়ে জল্পনা এড়িয়ে চলার আহ্বান জানান ফ্লানাগান। তার মতে, এতে বিচারপ্রক্রিয়া স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইয়ংকে ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে।

তবে পুলিশ জানিয়েছে, ইয়ংয়ের বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই। গত ২৭ সেপ্টেম্বর ওই সামরিক ঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক ভ্যান দেখা যাওয়ার পর তদন্ত শুরু হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের সবাইকে জামিনে ছেড়ে দেওয়া হয়।

ব্রিটিশ নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, লন্ডনের সন্ত্রাসবিরোধী পুলিশের তদন্তের পর রয়্যাল নেভির একজন সদস্যের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে অভিযোগ আনা হয়েছে। বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় এ পর্যায়ে এর বেশি মন্তব্য করা অনুচিত হবে। সূত্র: দ্য টেলিগ্রাফ