ফুসফুসের ক্যানসারের অস্ত্রোপচারের পর প্রথমবারের মতো বার্তা দিয়েছেন ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ চতুর্দশ লিও। বুধবার (১৪ অক্টোবর) দেওয়া ওই বার্তায় তিনি তাঁর জন্য প্রার্থনা করায় সহধর্মাবলম্বীদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে নিজের সুস্থতার জন্য প্রার্থনা অব্যাহত রাখার অনুরোধ করেছেন তিনি।
পোপ ফ্রান্সিসের লেখা আমোরিস লেতিতিয়া নামের ধর্মীয় নথির দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে অংশ নেওয়া ক্যাথলিকদের উদ্দেশে পাঠানো বার্তায় চতুর্দশ লিও বলেন, গত কয়েক দিন তিনি তাঁদের সঙ্গে সরাসরি উপস্থিত থাকতে পারেননি।
তিনি বলেন, ‘আপনাদের প্রার্থনা এবং একসঙ্গে যে কাজগুলো করেছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। অভিজ্ঞতা বিনিময় ও মনোযোগ দিয়ে একে অপরের কথা শোনা পুরো গির্জার জন্যই এক উপহার।’
নিজের জন্য প্রার্থনার আবেদন জানিয়ে পোপ আরও বলেন, ‘অনুগ্রহ করে আমার জন্য প্রার্থনা করবেন, আমিও আপনাদের জন্য প্রার্থনা করছি।’
মঙ্গলবার রোমে অস্ত্রোপচারের সময় পোপের ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর ফুসফুসের একটি অংশে অস্ত্রোপচার করে নিচের খণ্ডটি অপসারণ করা হয়েছে। প্রায় ৯০ মিনিট ধরে অস্ত্রোপচার চলে। তাঁর শরীরে যে ধরনের ক্যানসার শনাক্ত হয়েছে, তার নাম পালমোনারি অ্যাডেনোকারসিনোমা। এটি ফুসফুসের ক্যানসারের একটি পরিচিত ধরন।
অস্ত্রোপচারের পর সুস্থতার পথে পোপ
পোপের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক লুইজি কারবোনে ও অধ্যাপক স্তেফানো মার্গারিতোরা জানিয়েছেন, তাঁর সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া প্রত্যাশা অনুযায়ী এগোচ্ছে। অস্ত্রোপচারের পর তিনি হাসপাতালের কক্ষে হাঁটাচলা করতে পেরেছেন এবং সকালের ও দুপুরের খাবারও খেয়েছেন।
এর আগে সপ্তাহান্তে সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ধর্মপ্রাণ মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে পোপ তাঁর অস্ত্রোপচারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ফুসফুসে অস্বাভাবিক বৃদ্ধিপ্রাপ্ত একটি অংশ প্রাথমিক পর্যায়েই শনাক্ত হয়েছে।
পোপের ধূমপানের অভ্যাস রয়েছে বলে জানা যায়নি। বরং তিনি স্বাস্থ্যকর জীবনযাপনের চেষ্টা করেছেন। তবে তাঁর নিকটাত্মীয়দের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে। তাঁর বড় ভাই লুই প্রেভো বর্তমানে ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন। তাঁদের বাবা-মা দুজনই ১৯৯০-এর দশকে ক্যানসারে মারা যান।
চিকিৎসার কারণে পোপ চতুর্দশ লিও আগামী ২০ অক্টোবর পর্যন্ত তাঁর সব প্রকাশ্য কর্মসূচি বাতিল করেছেন। তবে আগামী মাসে দক্ষিণ আমেরিকায় দীর্ঘ সফরে যাওয়ার কথা রয়েছে তাঁর। চিকিৎসার অগ্রগতির পর নির্ধারিত সফরটি কীভাবে এগোবে, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি। সূত্র: সিএনএন