ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া। তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বিরোধ প্রশমনে সহায়তার অংশ হিসেবে এ প্রস্তাব দিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সংকট সমাধানে সহায়ক হলে রাশিয়া সেই দায়িত্ব নিতে পারে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেসকভ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেও প্রস্তুত রাশিয়া, যদি দুই পক্ষের পক্ষ থেকে এমন অনুরোধ জানানো হয়।
তিনি আরও জানান, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় ইরান নিয়মিতভাবেই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে বিরোধ নিরসনে সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটি থেকে সরিয়ে নেওয়া সহায়ক হলে রাশিয়া তা করতেও প্রস্তুত।
তবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, কিংবা এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি রয়েছে কি না, সে বিষয়ে পেসকভ কিছু জানাননি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল