বাবা-মায়ের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন অনেকে, ছোট ঘরেও গুনতে হচ্ছে আকাশছোঁয়া ভাড়া; বাড়িওয়ালার উচ্ছেদ ও ভাড়া বাড়ানোর হুমকিতে অনিশ্চিত জীবন
স্পেনে আবাসন সংকট ক্রমেই তীব্র হচ্ছে। বাড়ির চড়া ভাড়া, বাসস্থানের স্বল্পতা এবং বাড়িওয়ালাদের ইচ্ছামতো ভাড়া বাড়ানোর প্রবণতায় বিপাকে পড়েছেন দেশটির তরুণেরা। অনেকেই আর্থিক সামর্থ্যের অভাবে বাবা-মায়ের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন। আবার কেউ কেউ অল্প জায়গার একটি ঘর ভাড়া নিতেও মাসে কয়েক শ ডলার ব্যয় করছেন।
এই পরিস্থিতির প্রতিবাদে সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনের বিভিন্ন শহরে হাজার হাজার তরুণ বিক্ষোভ করেছেন। বুধবার (১১ নভেম্বর) দেশটির বৃহত্তম শ্রমিক ইউনিয়নগুলোর আহ্বানে জাতীয় ধর্মঘটেও অংশ নিচ্ছেন অনেকে। তাঁদের আন্দোলনের মূল স্লোগান—‘মজুরি, আবাসন ও দ্রব্যমূল্য’।
আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে স্পেনের কয়েকজন বিক্ষোভকারীর ব্যক্তিগত অভিজ্ঞতা। তাঁদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, আবাসন সংকট শুধু বাড়ি কেনার সমস্যায় সীমাবদ্ধ নেই; বরং তরুণদের স্বাধীন জীবন শুরু করা, সঞ্চয় করা এবং ভবিষ্যৎ পরিকল্পনাকেও কঠিন করে তুলছে।
গত মাসে মাদ্রিদে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাসকালকে তাঁর দীর্ঘদিনের বাসা থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তিনি ওই ফ্ল্যাটে প্রায় ৭০ বছর ধরে বসবাস করছিলেন। কিন্তু করপোরেট বাড়ির মালিক ভাড়া এমন পর্যায়ে বাড়িয়ে দেন, যা তাঁর পক্ষে বহন করা সম্ভব ছিল না।
ঘটনাটি নিয়ে জনরোষ বাড়তে থাকলে বাড়ির মালিকপক্ষ তাঁকে আবার বাসায় ফিরতে দেওয়ার সম্মতি দেয়। কিন্তু যেদিন এ সিদ্ধান্তের কথা জানানো হয়, সেদিনই হাসপাতালে মারা যান আবাসকাল।
তাঁর উচ্ছেদের ঘটনা আবাসন সংকটের প্রতীক হয়ে ওঠে। মাদ্রিদের পুয়ের্তা দেল সোল চত্বরে প্রতিবাদকারীরা তাঁর ছবি সংবলিত ব্যানার নিয়ে বিক্ষোভ করেন।
বার্সেলোনার ২৪ বছর বয়সী ডেটা বিশ্লেষক হারিস জাভাইদ শরিফ এখনো বাবা-মা, ভাই ও বোনের সঙ্গে ৪৪ বর্গমিটারের একটি ফ্ল্যাটে থাকেন। মাসে তাঁর নিট আয় প্রায় ১ হাজার ৯০০ ডলার। পরিবারের ভাড়া ৭৪৫ ডলার, যার অর্ধেক তিনি দেন।
স্বাধীনভাবে বাসা ভাড়া নেওয়ার মতো সামর্থ্য তাঁর নেই। কারণ বার্সেলোনায় তিন শয়নকক্ষের একটি ফ্ল্যাটের গড় ভাড়া ৯৫৪ থেকে ১ হাজার ৬৮৪ ডলারের মধ্যে।
শরিফ জানান, করোনাভাইরাস মহামারির পর পাঁচ মাসের ভাড়া বকেয়া থাকায় তাঁদের আগের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল। তাঁর বাবা ও তিনি কাজ করতে না পারায় পরিবারটি আর্থিক সংকটে পড়ে। প্রায় ১১ মাস তাঁদের কোনো কাজ ছিল না। পরে দুই কক্ষের ছোট বাসায় থাকতে হয়েছে।
তিনি বলেন, ‘আবাসনের খরচ এত বেশি যে এখনো বাবা-মায়ের সঙ্গে থাকি। তরুণদের জন্য আবাসন সমস্যা সবচেয়ে বড় সংকট। অনেকের সঙ্গে কথা বলেছি, যারা মনে করেন আগামী ১০ বছরেও নিজেদের বাড়ি কেনা সম্ভব হবে না।’
মাদ্রিদে ৩২ বছর বয়সী বিয়া গার্সিয়া দে লা তোরে তাঁর ভাইয়ের সঙ্গে ৭০ বর্গমিটারের একটি ফ্ল্যাটে থাকেন। তাঁদের মাসিক ভাড়া ১ হাজার ২২৯ ডলার। তাঁর নিজের মাসিক আয় প্রায় ২ হাজার ৪০০ ডলার।
তিনি বলেন, তাঁদের অবস্থা সবচেয়ে খারাপ নয়। অনেককে মাসিক আয়ের অর্ধেকই বাড়িভাড়ায় ব্যয় করতে হয়। কিন্তু তাঁদের বাড়িওয়ালা কেন্দ্রীয় হিটিংয়ের খরচও ভাড়াটিয়াদের কাছ থেকে নিতে চাইছেন, যদিও তাঁর মতে এটি ভবনের যৌথ ব্যবস্থাপনার খরচ।
বাড়িওয়ালা ভাড়া অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিতে পারেন, এমনকি তাঁদের উচ্ছেদও করতে পারেন—এমন আশঙ্কায় রয়েছেন তাঁরা।
২৭ বছর বয়সী সমাজকর্মী ইরাতশে গনজালেজ মাদ্রিদে আরও তিনজনের সঙ্গে ৪৫ বর্গমিটারের একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকেন। তাঁর মাসিক আয় ১ হাজার ২০০ ডলার। এর মধ্যে ৪০০ ডলার চলে যায় বাড়িভাড়ায়।
তিনি জানান, বাবা-মায়ের বাড়ি ছেড়ে বের হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু ছোট ফ্ল্যাটটিতে থাকার জায়গা সীমিত। তার ওপর চুক্তির মেয়াদ মাত্র এক বছর। ফলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
গনজালেজের ভাষায়, বাড়িওয়ালা যেকোনো সময় ভাড়া বাড়াতে পারেন কিংবা তাঁদের বাসা ছেড়ে দিতে বাধ্য করতে পারেন। তাঁর মতে, স্পেনের প্রায় প্রতিটি তরুণের জন্যই এখন আবাসন সংকট গুরুত্বপূর্ণ সমস্যা।
৩২ বছর বয়সী শিক্ষক ইগনাসিও রেদ্রাদো ২৬ বছর বয়সে প্রথম বাবা-মায়ের বাড়ি ছেড়ে আলাদা থাকতে পেরেছিলেন। বর্তমানে তাঁর মাসিক আয় ২ হাজার ২৪৫ ডলার। মাদ্রিদে চারজনের সঙ্গে ৬০ বর্গমিটারের একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকেন তিনি। ফ্ল্যাটটির মোট মাসিক ভাড়া ১ হাজার ৬৭ ডলার।
স্পেনে বাবা-মায়ের বাড়ি ছেড়ে স্বাধীনভাবে বসবাস শুরু করার গড় বয়স ৩০ বছর বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, আবাসন সংকটের সমাধানে শুধু সরকার পরিবর্তন নয়, নীতিগত পরিবর্তন প্রয়োজন।
রেদ্রাদো বলেন, ‘আমরা আর সহ্য করতে পারছি না। আমাদের পদক্ষেপ নিতে হবে। আবাসনের ক্ষমতা জনগণের হাতে থাকা উচিত। আমরা সমস্যার সমাধান চাই। আমরা অনির্দিষ্ট মেয়াদের ভাড়ার চুক্তি এবং আরও বেশি সামাজিক আবাসন চাই।’
বার্সেলোনার ২৪ বছর বয়সী আর্তুরো লিওন একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন। তিনি আরও চারজনের সঙ্গে একটি ছোট ফ্ল্যাটে থাকেন। মাসে তাঁর ভাড়া দিতে হয় ৫০৬ ডলার।
লিওনের শোবার ঘরের দৈর্ঘ্য ২ মিটার এবং প্রস্থ ২ দশমিক ৬ মিটার। অর্থাৎ ঘরটির আয়তন মাত্র ৫ দশমিক ২ বর্গমিটার। এত ছোট ঘরের জন্যও তাঁকে মাসে ৫০০ ডলারের বেশি ভাড়া দিতে হচ্ছে।
তিনি জানান, তাঁদের কোনো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি নেই। ফ্ল্যাটের বিভিন্ন জিনিস নষ্ট হলেও বাড়িওয়ালা সেগুলো মেরামত করতে চান না। এরপরও ভাড়া বাড়ানোর হুমকি দেওয়া হচ্ছে।
এই অভিজ্ঞতাকেই আবাসন সংকটের বাস্তব চিত্র হিসেবে তুলে ধরে সাধারণ ধর্মঘটে যোগ দেওয়ার কথা জানিয়েছেন লিওন।
স্পেনের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশটিতে বর্তমানে প্রায় ৭ লাখ ৫০ হাজার বাসার ঘাটতি রয়েছে। আগামী বছর এই ঘাটতি বেড়ে ১০ লাখে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে সরকার ভাড়াটিয়াদের সুরক্ষায় দুটি জরুরি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করেছিল। তবে ডানপন্থি দলগুলোর বিরোধিতায় সেগুলো পাস হয়নি।
আবাসন সংকটকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। বামপন্থি জোট সরকার ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন জোট আবাসন নিয়ে জনঅসন্তোষকে নির্বাচনী আলোচনার কেন্দ্রে আনতে চাইছে। জনমত জরিপে রক্ষণশীল পিপলস পার্টি ও কট্টর ডানপন্থি ভক্স পার্টির কাছে সমাজতান্ত্রিক দল পিছিয়ে থাকার প্রেক্ষাপটে এ নির্বাচন হচ্ছে।
স্পেনের তরুণদের আন্দোলনে কয়েকটি দাবি বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে—ভাড়ার ওপর কার্যকর নিয়ন্ত্রণ, দীর্ঘমেয়াদি ও নিরাপদ ভাড়ার চুক্তি, সামাজিক আবাসনের সংখ্যা বৃদ্ধি এবং বাড়িওয়ালাদের ইচ্ছামতো ভাড়া বাড়ানো ও উচ্ছেদের বিরুদ্ধে সুরক্ষা।
তাঁদের বক্তব্য, কাজ করেও যদি একজন তরুণ নিজের জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে না পারেন, তাহলে তাঁর স্বাধীন জীবন, পরিবার গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাধাগ্রস্ত হয়।
স্পেনের এই আন্দোলন তাই কেবল বাড়িভাড়ার বিরুদ্ধে প্রতিবাদ নয়; এটি তরুণ প্রজন্মের জীবনযাত্রার ব্যয়, আয়-বৈষম্য ও সামাজিক নিরাপত্তার প্রশ্নও সামনে এনেছে।