যুদ্ধ-ধ্বংসস্তূপের মধ্যেও গাজাবাসীর কুরআনপ্রেম, এক হাজার হাফেজকে সংবর্ধনা

যুদ্ধ, ধ্বংসযজ্ঞ ও চরম প্রতিকূলতার মধ্যেও পবিত্র কুরআন হিফজের ধারাবাহিকতা ধরে রেখেছেন গাজাবাসী। পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করায় এক হাজার হাফেজ ও হাফেজাকে সংবর্ধনা দিয়েছে গাজার ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আলজেরিয়ার একটি দাতব্য সংস্থার পৃষ্ঠপোষকতায় কেন্দ্রীয়ভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিপুলসংখ্যক সাধারণ মানুষ এবং সম্মাননাপ্রাপ্ত হাফেজ-হাফেজাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের আগে বিভিন্ন বয়সী হাফেজ-হাফেজাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় কুরআন পদযাত্রা। এ সময় তাদের হাতে পবিত্র কুরআনের কপি ছিল। তারা ধর্মীয় সংগীত ও নাশিদ পরিবেশন করতে করতে পদযাত্রায় অংশ নেন। ব্যতিক্রমী এ আয়োজনের মধ্য দিয়ে গাজাবাসীর জীবনে পবিত্র কুরআনের গভীর প্রভাব এবং প্রতিকূল পরিস্থিতিতেও কুরআনের শিক্ষা ও হিফজ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ফুটে ওঠে।

সংবর্ধনা অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। পবিত্র কুরআন তিলাওয়াতের পাশাপাশি বিভিন্ন বক্তা বক্তব্য দেন। তারা যুদ্ধের ভয়াবহতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও শিক্ষা গ্রহণ এবং কোরআন হিফজের ধারাবাহিকতা বজায় রাখতে গাজাবাসীর দৃঢ়তার প্রশংসা করেন।

আয়োজকেরা বলেন, একঝাঁক হাফেজ-হাফেজার এই সাফল্য নতুন প্রজন্মের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সামাজিক সহযোগিতা এবং কুরআনের শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় বিভিন্ন কুরআন শিক্ষাকেন্দ্র ও হিফজ কার্যক্রম এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্বে উত্তীর্ণ হাফেজ-হাফেজাদের হাতে সম্মাননাপত্র ও স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় তাদের পরিবারের সদস্য ও উপস্থিত অতিথিদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়। সন্তানদের পবিত্র কুরআন সম্পূর্ণ মুখস্থ করার অর্জন উদ্‌যাপন করেন স্বজনেরা।

এদিকে হাফেজ-হাফেজাদের কুরআন পদযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠানের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিভিন্ন ব্যবহারকারী অনুষ্ঠানের ভিডিও ও ছবি শেয়ার করে গাজাবাসীর এই উদ্যোগের প্রশংসা করেন। কঠিন পরিস্থিতির মধ্যেও কোরআনের শিক্ষা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক হাফেজ পবিত্র কুরআন হাতে নিয়ে পদযাত্রায় অংশ নিচ্ছেন এবং ধর্মীয় সংগীত পরিবেশন করছেন। পাশাপাশি পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের সংবর্ধনা দেওয়ার দৃশ্যও দেখা যায়।

অনেকেই মনে করছেন, এই আয়োজন কেবল কুরআন হিফজ সম্পন্ন করার আনন্দ উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গাজাবাসীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতি দৃঢ় অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ।

যুদ্ধের কারণে সৃষ্ট কঠিন জীবনযাপন ও শিক্ষাব্যবস্থার সংকটের মধ্যেও নতুন প্রজন্মকে কুরআন শিক্ষা ও হিফজ করানোর প্রচেষ্টা অব্যাহত রাখায় কুরআনের শিক্ষক এবং শিক্ষাকেন্দ্রগুলোর প্রশংসা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা।

তাদের মতে, এক হাজার হাফেজ-হাফেজার এই অর্জন গাজায় শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি নতুন প্রজন্মের জন্য আশার বার্তাও বহন করছে।