ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাঁর মতে, কোনো রাষ্ট্র ভবিষ্যতে সম্ভাব্য হুমকির আশঙ্কা দেখিয়ে অন্য রাষ্ট্রের ওপর সামরিক হামলা চালাতে পারে না। এমন যুক্তি গ্রহণ করা হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনব্যবস্থার মৌলিক ভিত্তিই দুর্বল হয়ে পড়বে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক বিশ্লেষণধর্মী নিবন্ধে এসব বক্তব্য তুলে ধরা হয়েছে। ‘ইউএন চার্টার আন্ডার ফায়ার: হোয়াই ইউএস অ্যাটাকস অন ইরান ভায়োলেট ইন্টারন্যাশনাল ল’ শিরোনামের নিবন্ধটি আব্বাস আরাগচির নামে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শক্তি যত বড়ই হোক, কোনো রাষ্ট্র আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার ঊর্ধ্বে নয়।
নিবন্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে জাতিসংঘ সনদের বলপ্রয়োগ নিষেধাজ্ঞার পরিপন্থী এবং ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে। এ ক্ষেত্রে রাজনৈতিক যুক্তি বা সামরিক অভিযান শুরুর পর দেওয়া ব্যাখ্যার পরিবর্তে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের বিধান অনুসারে হামলার বৈধতা নির্ধারণের কথা বলা হয়েছে।
জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ করা হয়েছে। নিবন্ধে বলা হয়েছে, এটি শুধু চুক্তিভিত্তিক বাধ্যবাধকতা নয়; আন্তর্জাতিক প্রথাগত আইনেরও একটি মৌলিক নীতি। ১৯৮৬ সালে নিকারাগুয়া মামলার রায়ে আন্তর্জাতিক বিচার আদালতও এ নীতির গুরুত্ব নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক আইন অনুযায়ী, নির্দিষ্ট কিছু পরিস্থিতি ছাড়া কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ করতে পারে না। এর মধ্যে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার অন্যতম। তবে যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন ছিল না বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ভবিষ্যতে সম্ভাব্য হুমকির আশঙ্কা এককভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগের বৈধ ভিত্তি হতে পারে না। কারণ, ৫১ অনুচ্ছেদে সশস্ত্র হামলার শিকার হলে আত্মরক্ষার অধিকারের কথা বলা হয়েছে। সম্ভাব্য ভবিষ্যৎ হুমকিকে সামরিক হামলার কারণ হিসেবে গ্রহণ করলে একতরফাভাবে প্রতিরোধমূলক যুদ্ধ শুরুর সুযোগ তৈরি হবে, যা আন্তর্জাতিক আইনের বলপ্রয়োগ নিষেধাজ্ঞাকে কার্যত অর্থহীন করে তুলতে পারে।
নিবন্ধে যুক্তরাষ্ট্রের আইনজগতের একটি সমালোচনাও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের ৬ মার্চ আন্তর্জাতিক আইন সমিতির আমেরিকান শাখার সভাপতি এক বিবৃতিতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে বেআইনি বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতে কী ঘটতে পারে, সে বিষয়ে অনুমাননির্ভর আশঙ্কা সামরিক শক্তি প্রয়োগের বৈধতা দিতে পারে না।
ইরানের স্কুল, ক্রীড়া স্টেডিয়াম, বেসামরিক অবকাঠামো এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষা ব্যবস্থার আওতায় থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও নিবন্ধে তুলে ধরা হয়েছে।
এ ধরনের হামলার বৈধতা নিয়ে আন্তর্জাতিক মানবিক আইনের আলোকে প্রশ্ন তোলা হয়েছে। সশস্ত্র সংঘাতে অংশগ্রহণকারী পক্ষগুলোর জন্য সামরিক লক্ষ্যবস্তু ও বেসামরিক মানুষের মধ্যে পার্থক্য করা বাধ্যতামূলক। একই সঙ্গে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সামরিক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্ষয়ক্ষতি হয়—এমন হামলা থেকে বিরত থাকার বিধান রয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নম্বর প্রস্তাবে আগ্রাসনের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এতে এক রাষ্ট্রের সশস্ত্র বাহিনীর অন্য রাষ্ট্রের ভূখণ্ডে হামলা এবং কোনো রাষ্ট্রের বন্দর বা উপকূলে অবরোধ আরোপের মতো কর্মকাণ্ডকে আগ্রাসনের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিবন্ধে বলা হয়েছে, বলপ্রয়োগের বৈধ ভিত্তি না থাকলে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা একটি আন্তর্জাতিকভাবে বেআইনি কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে। এ জন্য যুক্তরাষ্ট্রকে রাষ্ট্রীয় দায় বহন করতে হবে।
আন্তর্জাতিক আইনে কোনো রাষ্ট্রের ওপর আরোপিত বাধ্যবাধকতা লঙ্ঘিত হলে সেই রাষ্ট্রকে দায় নিতে হয়। এর মধ্যে বেআইনি কর্মকাণ্ড বন্ধ করা, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নিশ্চয়তা দেওয়া এবং ক্ষতিগ্রস্ত পক্ষকে পূর্ণ ক্ষতিপূরণ দেওয়ার বিষয় রয়েছে। রাজনৈতিক বা নিরাপত্তাসংক্রান্ত যুক্তি দেখিয়ে এসব দায় এড়ানোর সুযোগ নেই বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক মৌলিক বিধান বা ‘জুস কোজেন্স’ লঙ্ঘনের গুরুতর ঘটনার ক্ষেত্রে অন্য রাষ্ট্রগুলোরও কিছু দায়িত্ব রয়েছে। এ ধরনের লঙ্ঘন বন্ধে আইনসম্মত উপায়ে সহযোগিতা করা, বেআইনি পরিস্থিতিকে বৈধ হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং তা টিকিয়ে রাখতে সহায়তা করা থেকে বিরত থাকার বাধ্যবাধকতার কথা বলা হয়েছে।
অন্যদিকে, ইরানের ওপর সশস্ত্র হামলার জবাবে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও নিবন্ধে দাবি করা হয়েছে। তবে এ অধিকার প্রয়োগের ক্ষেত্রেও আন্তর্জাতিক আইনের শর্ত ও সীমাবদ্ধতা মেনে চলতে হবে।
নিবন্ধে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান সংঘাত কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কিংবা আঞ্চলিক শক্তির ভারসাম্যের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত আন্তর্জাতিক আইনব্যবস্থার গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা।
যদি সামরিক শক্তি আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্ব পায় এবং আগ্রাসনের দায়ে অভিযুক্ত রাষ্ট্রগুলো জবাবদিহি এড়াতে পারে, তাহলে কোনো দেশের নিরাপত্তাই নিশ্চিত থাকবে না।
এতে আরও বলা হয়েছে, বলপ্রয়োগ নিষিদ্ধ করার বিধান দুর্বল রাষ্ট্রের জন্য শক্তিশালী রাষ্ট্রের দেওয়া কোনো ছাড় নয়। এটি সব রাষ্ট্রের জন্য সমানভাবে প্রযোজ্য একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক নীতি। ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানো, সামরিক আগ্রাসন বন্ধ করা এবং বেআইনি হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া রাজনৈতিক সদিচ্ছার বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা।
নিবন্ধের উপসংহারে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্পর্কে আইনের পরিবর্তে শক্তির প্রাধান্য প্রতিষ্ঠিত হলে শুধু ইরানই ক্ষতিগ্রস্ত হবে না; ঝুঁকির মুখে পড়বে পুরো আন্তর্জাতিক আইনব্যবস্থা এবং জাতিসংঘ সনদের কর্তৃত্ব।
আব্বাস আরাগচি সম্পর্কে: ১৯৬২ সালে তেহরানে জন্ম নেওয়া আব্বাস আরাগচি ২০২৪ সালের আগস্ট থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেন্ট থেকে রাজনৈতিক চিন্তাধারায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন তিনি। কূটনীতিক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক আলোচনায় প্রধান আলোচকের দায়িত্বও পালন করেছেন। ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত জাপানে ইরানের রাষ্ট্রদূত ছিলেন তিনি।
জারিয়াবকে ‘রেড ফ্ল্যাগ’ বললেন অভিনেত্রী নাদিয়া
যে কৌশলে কোটি কোটি ডলারের ক্রিপ্টো হাতিয়ে নিচ্ছে উ. কোরিয়ার হ্যাকাররা
এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান
টিকটকের শুটিংয়ে বাঘিনীর থাবা তরুণের মৃত্যু