গাজায় ‘নীরব গণহত্যা’ চলছে, পশ্চিমা গণমাধ্যমের নীরবতায় ক্ষুব্ধ আরাগচি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও মানবিক বিপর্যয় নিয়ে পশ্চিমা গণমাধ্যমে সংবাদ প্রকাশ কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, গাজায় ভয়াবহ পরিস্থিতি চললেও তা এখন আর পশ্চিমা গণমাধ্যমের শিরোনামে আসছে না।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গাজার পরিস্থিতিকে ‘নীরব গণহত্যা’ (সাইলেন্ট জেনোসাইড) হিসেবে উল্লেখ করেন আরাগচি। তিনি বলেন, প্রায় কোনো ধরনের গণমাধ্যমের মনোযোগ ছাড়াই সেখানে এই বিপর্যয় চলছে।

আরাগচি লেখেন, ‘গাজার বিপর্যয়কর পরিস্থিতি এখন আর পশ্চিমা গণমাধ্যমের শিরোনামে নেই। প্রায় শূন্য মনোযোগের মধ্যেই নীরব গণহত্যা চলছে। এটি লজ্জাজনক।’

তিনি আরও বলেন, যুদ্ধের মাধ্যমে নিজেদের ব্যর্থতা থেকে মানুষের মনোযোগ সরিয়ে নেওয়ার প্রচেষ্টায় ইসরায়েল অন্তত একটি ক্ষেত্রে সফল হয়েছে—গাজার দুর্দশা আড়ালে পড়ে যাচ্ছে।

এদিকে গাজায় অবকাঠামো ধ্বংসের ভয়াবহ পরিণতি আরও স্পষ্ট হয়ে উঠেছে সাম্প্রতিক বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও বন্যায়। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টিতে প্রায় ৭০ হাজার বাস্তুচ্যুত মানুষের তাঁবু ডুবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোনো কোনো এলাকায় বন্যার পানি দেড় মিটার পর্যন্ত উঠেছে।

সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গাজায় ৭০০ কিলোমিটারের বেশি পয়োনিষ্কাশন নেটওয়ার্ক ধ্বংস হয়েছে। পাশাপাশি জ্বালানি ও উদ্ধার সরঞ্জামের তীব্র সংকটের কারণে জরুরি সেবাদানকারী দলগুলোও পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ থাকলেও পশ্চিমা গণমাধ্যমে বিষয়টি পর্যাপ্ত গুরুত্ব পাচ্ছে না—আরাগচির বক্তব্যের মূল অভিযোগ এটিই।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত