৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত দুজন আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। স্থানীয় কিয়োদো নিউজ এ খবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) রাত ২টা ২২ মিনিটে কুমামোতো প্রিফেকচারে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

এ সময় কম্পন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশু ছাড়াও শিকোকু ও হনশু দ্বীপের কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, কুমামোতো প্রিফেকচারের আমাকুসা-আশিকিতা এলাকায় ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি।

এ ধরনের বা একই মাত্রার ভূমিকম্পের আশঙ্কায় আগামী এক সপ্তাহ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তবে মিনামাতা ও কুমা এলাকার স্থানীয় প্রশাসন বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

জাপান রেলওয়েজ কিউশু জানিয়েছে, ভূমিকম্পের কারণে হাকাতা ও কাগোশিমা-চুও স্টেশনের মধ্যে অন্তত আটটি বুলেট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে প্রায় ৫ হাজার ৬০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। 

তথ্যসূত্র: আনাদোলু