দীর্ঘ ১৫ বছরের বিরতির পর সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনা চালাচ্ছে সিরিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে এ আলোচনায় মানবাধিকার ও যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর চেয়ে সিরীয় শরণার্থীদের দেশে ফেরত পাঠানো এবং অভিবাসন নিয়ন্ত্রণ বেশি গুরুত্ব পেতে পারে বলে আশঙ্কা করছেন ইউরোপের বর্তমান ও সাবেক কূটনীতিকরা।
২০১১ সালে বিক্ষোভ দমনে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের কঠোর অভিযানের পর সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত করেছিল ইউরোপীয় ইউনিয়ন। আসাদ সরকারের পতন এবং প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ইউরোপের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর সুযোগ তৈরি হয়েছে।
ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাস গত ১৬ নভেম্বর এক বিবৃতিতে বলেন, যত দ্রুত সম্ভব ইউরোপ ও সিরিয়ার মধ্যে বাণিজ্য, রাজনৈতিক সংলাপ এবং ঘনিষ্ঠ সহযোগিতার একটি কাঠামো তৈরি করাই আলোচনার লক্ষ্য। তাঁর মতে, সিরিয়ার বিনিয়োগ প্রয়োজন এবং দেশটির রাজনৈতিক উত্তরণ সফল হওয়াও জরুরি।
বিশ্লেষক ও কূটনীতিকদের মতে, আলোচনায় সিরিয়ার প্রধান লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের অবশিষ্ট নিষেধাজ্ঞা প্রত্যাহার। অন্যদিকে ব্রাসেলসের অন্যতম অগ্রাধিকার সিরীয় শরণার্থীদের দেশে ফেরত পাঠানো। ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে সিরিয়ার যুদ্ধের কারণে ১০ লাখের বেশি মানুষ ইউরোপে আশ্রয় নিয়েছিলেন।
তবে যুদ্ধ ও দীর্ঘদিনের স্বৈরশাসনের ক্ষতি কাটিয়ে সিরিয়া যখন পুনর্গঠনের চেষ্টা করছে, তখন শরণার্থী ফেরত পাঠানোর বিষয়ে অতিরিক্ত চাপ দেওয়া হলে দেশটির পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।
দামেস্কভিত্তিক প্রতিষ্ঠান টিমিওস অ্যান্ড কোম্পানির মধ্যপ্রাচ্য বিভাগের প্রধান এবং সিরীয় বংশোদ্ভূত সাবেক ফরাসি কূটনীতিক ইয়াদ জাবের আল জাজিরাকে বলেন, ইউরোপে অভিবাসন এখন বড় রাজনৈতিক ইস্যু। বিশেষ করে ডানপন্থী ও কট্টর ডানপন্থী দলগুলোর প্রভাব বাড়ায় অভিবাসন নিয়ে রাজনৈতিক বক্তব্যও ক্রমেই কঠোর হচ্ছে।
সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ
ইউরোপের সঙ্গে সিরিয়ার প্রথম সহযোগিতা চুক্তি হয় ১৯৭৮ সালে। তখন ইউরোপীয় ইউনিয়নের পূর্বসূরি ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায়ের (ইইসি) সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফেজ আল-আসাদ। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল সিরিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দুই পক্ষের সম্পর্ক জোরদার করা।
২০০৮ সালে ইইউ-সিরিয়া অ্যাসোসিয়েশন চুক্তির প্রস্তাব দেওয়া হলেও আসাদ সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে তা আর স্বাক্ষরিত হয়নি। ২০১১ সালে সরকারবিরোধী গণ-অভ্যুত্থান কঠোরভাবে দমন করা হলে সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্থগিত করে ইইউ।
এরপর ইউরোপীয় ইউনিয়ন তাদের কূটনৈতিক মিশন বৈরুতে সরিয়ে নেয়। একই সঙ্গে আসাদ সরকারের সম্পদ জব্দ এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয় ইইউ। গত বছর দেশটির ওপর আরোপ করা সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে দ্বৈত ব্যবহারের উপযোগী কিছু পণ্য রপ্তানির নিয়ন্ত্রণ এবং কয়েকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে সিরিয়ার জন্য দুই বছর মেয়াদি ৬২০ মিলিয়ন ইউরোর (প্রায় ৬৮০ মিলিয়ন ডলার) সহায়তা প্যাকেজ ঘোষণা করে ব্রাসেলস। মে মাসে সিরিয়ার সঙ্গে প্রথম উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপও আয়োজন করে ইইউ। এর লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করা।
সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়ে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক বিভাগ একটি নীতিগত আলোচনা-নথি তৈরি করেছে। তবে নথিটির লেখকের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা।
কাজা কালাস জানিয়েছেন, চুক্তি চূড়ান্ত করতে কূটনীতিকেরা এখন বিভিন্ন কারিগরি ও আইনি বিষয় নিয়ে কাজ করছেন। চুক্তিটি কার্যকর হলে মুক্ত বাণিজ্য, রাজনৈতিক সংলাপ এবং ব্রাসেলস ও দামেস্কের মধ্যে বিস্তৃত সহযোগিতার কাঠামো তৈরি হবে।
ইউরোপের কয়েকটি দেশ সিরিয়ায় তাদের দূতাবাস বা কূটনৈতিক মিশন পুনরায় চালুর বিষয়টিও বিবেচনা করছে। এদিকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপীয় বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা স্যালি শোবাত শনিবার ইউরোপীয় বহিঃসম্পর্কবিষয়ক বিভাগের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের প্রধান জোনাস জনসনের সঙ্গে বৈঠক করেন। এর আগে ফ্রান্স, সাইপ্রাস ও বেলজিয়ামের কূটনীতিকদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
সিরিয়ার অগ্রাধিকার ও ইউরোপের স্বার্থ
আসাদ সরকারের পতনের পর নতুন সিরীয় সরকার স্থগিত কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু এবং আগের সরকারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করছে। ইতিমধ্যে অনেক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও সিরিয়ার সম্পর্কের উন্নতি হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, সম্পর্ক ইতিবাচক দিকে এগোলেও পূর্ণাঙ্গ স্বাভাবিকীকরণের পথে এখনো বেশ কিছু আইনি ও কারিগরি বাধা রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কবিষয়ক গবেষক এবং টাইমেপের অনাবাসিক ফেলো জাকারিয়া আল-শামালি বলেন, প্রতিটি দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি রয়েছে।
নিরাপত্তার ক্ষেত্রেও ইউরোপের কাছে নিজেদের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করছে সিরিয়া। বিশেষ করে আইএসআইএলবিরোধী লড়াই এবং জ্বালানি পরিবহনের সম্ভাব্য পথ হিসেবে দেশটির ভূরাজনৈতিক অবস্থানকে গুরুত্ব দিচ্ছে দামেস্ক।
গত এপ্রিলে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তাদের সঙ্গে এক অনানুষ্ঠানিক বৈঠকের পর সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, ইউরোপের যেমন সিরিয়াকে প্রয়োজন, সিরিয়ারও তেমনি ইউরোপকে প্রয়োজন।
ওই মাসেই তিনি ‘ফোর সিজ অ্যান্ড নাইন করিডরস ইনিশিয়েটিভ’ নামে একটি প্রস্তাব দেন। এর লক্ষ্য সিরিয়া ও তুরস্কের মধ্য দিয়ে পাইপলাইন এবং পরিবহন করিডর তৈরি করে উপসাগরীয় অঞ্চল, কাস্পিয়ান সাগর, ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করা। এতে হরমুজ প্রণালির ওপর নির্ভরতা ছাড়াই স্থলপথে জ্বালানি পরিবহনের সুযোগ তৈরি হতে পারে।
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে নৌপথে পণ্য পরিবহনে বিঘ্ন ঘটার পর এ প্রস্তাব সামনে আসে। আল-শামালির মতে, বিভিন্ন শক্তি ইরানের প্রভাব কমাতে সিরিয়াকে ব্যবহার করার চেষ্টা করছে।
বাণিজ্যও আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষজ্ঞদের ধারণা, ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার বাজারে নিজেদের পণ্যের প্রবেশাধিকার বাড়াতে চাইবে। এতে কিছু পণ্যের দাম কমে সিরীয় ভোক্তারা উপকৃত হতে পারেন। তবে ইউরোপে সিরীয় পণ্য রপ্তানির সুযোগ কতটা বাড়বে, সেটিও বিবেচনায় নিতে হবে দামেস্ককে।
ইয়াদ জাবের বলেন, সিরিয়ার রপ্তানি পণ্যের সংখ্যা খুব বেশি নয়। প্রধানত কৃষিপণ্য ও কিছু ওষুধ রপ্তানি করে দেশটি। ফলে ইউরোপীয় পণ্যের জন্য বাজার খুলে দিলেও সিরীয় পণ্যের ক্ষেত্রে শুল্ক ও অন্যান্য বাধা থেকে গেলে দেশটি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ ছাড়া আসাদ সরকারের বিদেশে থাকা সম্পদ নিয়েও ইইউর সঙ্গে সহযোগিতার সুযোগ রয়েছে। জাবেরের ধারণা, এসব সম্পদের মূল্য কয়েক হাজার কোটি ডলার হতে পারে এবং ইউরোপের বিভিন্ন দেশে সেগুলো লুকানো রয়েছে।
শরণার্থী ফেরত পাঠানো নিয়ে উদ্বেগ
দামেস্কে সরকার পরিবর্তনের পর ইউরোপের কয়েকটি দেশ সিরীয়দের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করেছিল। তাদের যুক্তি ছিল, যুদ্ধ এবং সাবেক সরকারের কারণে সৃষ্ট বিপদ এখন আর নেই।
গত এক দশকের বেশি সময় ধরে ইউরোপের রাজনীতিতে অভিবাসন ও শরণার্থীদের উপস্থিতি বড় ইস্যু হয়ে রয়েছে। এ সময়ে বেশ কয়েকটি দেশে কট্টর ডানপন্থী দল ও আন্দোলনের প্রভাবও বেড়েছে।
গত ১৬ নভেম্বরের বক্তব্যে কাজা কালাস সিরিয়ার মানবাধিকার পরিস্থিতি এবং আসাদ সরকারের নেওয়া সিদ্ধান্তের বিষয়েও কথা বলেন। তিনি বলেন, সিরিয়ার সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন। কারণ, ইউরোপ সম্পর্ক না রাখলে সেই শূন্যস্থান অন্য শক্তিগুলো পূরণ করবে। তবে মানবাধিকার বিষয়ে স্পষ্ট শর্ত থাকতে হবে। আসাদ সরকারের সময় ইউক্রেন ও জর্জিয়ার যেসব ভূখণ্ডকে রাশিয়া দখল করে স্বীকৃতি দিয়েছিল, সেগুলোর স্বীকৃতি না দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
আল-শামালির দাবি, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপের মধ্যপন্থী সরকারগুলোর মধ্যেও অভিবাসন নিয়ে ক্রমেই কঠোর অবস্থান দেখা যাচ্ছে।
আল জাজিরাকে ইউরোপের বর্তমান ও সাবেক কয়েকজন কূটনীতিক বলেছেন, সিরিয়ার সঙ্গে চুক্তির ক্ষেত্রে শরণার্থীদের দেশে ফেরত পাঠানোর বিষয়টি অতিরিক্ত গুরুত্ব পেতে পারে। এতে মানবাধিকারসহ অন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সাবেক ইউরোপীয় কূটনীতিক বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে ডানপন্থী জনতুষ্টিবাদী সরকার ও রাজনৈতিক শক্তির সংখ্যা বাড়ছে। এসব শক্তি সিরিয়ার জটিল পরিস্থিতি ও নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিতভাবে কাজ করতে আগ্রহী নয়।
তিনি আরও বলেন, ইউরোপ অনেক সময় সিরিয়াকে শুধু অভিবাসনের দৃষ্টিকোণ থেকে দেখে। অথচ সিরীয় শরণার্থীদের বোঝা হিসেবে বিবেচনা করা ঠিক নয়। কারণ, তাঁদের বড় অংশ ইউরোপের অর্থনীতি ও সংস্কৃতিতে ইতিবাচক অবদান রেখেছেন।
আসাদ সরকারের পতনের পর প্রায় ১০ লাখ সিরীয় নিজ দেশে ফিরে গেছেন। তাঁদের অধিকাংশই লেবানন, তুরস্ক ও জর্ডানের মতো প্রতিবেশী দেশ থেকে ফিরেছেন। তবে যুদ্ধ ও দীর্ঘদিনের স্বৈরশাসনের ক্ষতি কাটিয়ে সিরিয়ার পুনর্গঠন ধীরগতিতে এগোচ্ছে। তাই অভিবাসন ও প্রত্যাবাসনের বিষয়ে ইউরোপকে সতর্ক ভারসাম্য বজায় রাখতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক উদ্ধার কমিটির (আইআরসি) নীতি, অ্যাডভোকেসি ও যোগাযোগবিষয়ক সমন্বয়ক তারিক আজিজ বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সিরিয়ার সম্পর্ক যত গভীরই হোক, শরণার্থীদের ফেরত পাঠানোকে সেই সম্পর্কের শর্তে পরিণত করা উচিত নয়।
তিনি বলেন, সংস্থাটির গবেষণায় দেখা গেছে, সিরিয়ায় ফিরে যাওয়া অনেক মানুষ এখনো প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না। আবাসনব্যবস্থা ক্ষতিগ্রস্ত, প্রত্যাশার চেয়ে বাস্তব পরিস্থিতি কঠিন এবং সীমিত সম্পদের জন্য প্রতিযোগিতা স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা তৈরি করছে।
আজিজের মতে, সবার জন্য প্রয়োজনীয় সেবা ও পুনর্বাসনে বিনিয়োগ না করে দ্রুত শরণার্থী ফেরত পাঠানোর উদ্যোগ নিলে দেশটির অস্থিতিশীলতা আরও বাড়তে পারে। অথচ ইউরোপ যে অস্থিতিশীলতা ঠেকাতে চায়, এমন উদ্যোগ তার উল্টো ফল বয়ে আনতে পারে।
সূত্র: আল-জাজিরা