ইরানকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে পূর্ণাঙ্গ সহযোগিতা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। দেশ চারটি সতর্ক করে বলেছে, ইরান ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কর্মসূচি থেকে অন্য কোনো কাজে সরিয়েছে কি না, তা যাচাই করার সক্ষমতা এখন আইএইএর নেই।
বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আইএইএর পরিচালনা পর্ষদের বৈঠকে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্য সরকার বিবৃতিটি প্রকাশ করে।
বিবৃতিতে চার দেশ বলেছে, পারমাণবিক নিরাপত্তা নিশ্চয়তা চুক্তির (সেফগার্ডস) অধীনে ইরানের দায়িত্ব পালনে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।
বিবৃতিতে বলা হয়, ‘পর্ষদের সর্বশেষ বৈঠকের পর থেকে সামান্য বা কোনো অগ্রগতিই হয়নি।’ এতে উল্লেখ করা হয়, ইরান তাদের ঘোষিত পারমাণবিক স্থাপনা ও মজুত উপাদানের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য দেয়নি। সংস্থার পরিদর্শকদের অনুরোধ করা স্থাপনাগুলোতেও প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
চার দেশের দাবি, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ইরানে আইএইএর একমাত্র সরেজমিন যাচাই কার্যক্রম পরিচালিত হয়েছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।
এ ছাড়া ইসফাহানে ইরানের ঘোষিত চতুর্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনায় প্রবেশের সুযোগ না পাওয়া এবং আগে নজরদারিতে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত যাচাই করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছে দেশগুলো।
আইএইএর সর্বশেষ প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে যৌথ বিবৃতিতে বলা হয়, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের জন্য ঘোষিত উপাদান অন্য কোনো কাজে সরিয়ে নেওয়া হয়নি—এমন সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না সংস্থাটি।
চার দেশের অভিযোগ, ইরান তার পারমাণবিক নিরাপত্তা নিশ্চয়তা-সংক্রান্ত বাধ্যবাধকতা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রাসঙ্গিক প্রস্তাব উপেক্ষা করে চলেছে। এসব প্রস্তাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, পুনঃপ্রক্রিয়াকরণ এবং ভারী পানি-সংক্রান্ত কার্যক্রম স্থগিত রাখার শর্তও রয়েছে।
বিবৃতিতে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়, গত সেপ্টেম্বরে আইএইএর পরিচালনা পর্ষদ ইরানের সেফগার্ডস চুক্তি না মানার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদে পাঠানোর পক্ষে ভোট দিয়েছিল।
চার দেশ বলেছে, কোনো রাষ্ট্র একতরফাভাবে পারমাণবিক নিরাপত্তা নিশ্চয়তা-সংক্রান্ত বাধ্যবাধকতা স্থগিত করতে পারে না। পরিদর্শকদের সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ফিরে যেতে বাধা দেওয়ার মতো কোনো কারিগরি কারণও নেই।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তবে তাদের মতে, এ বিষয়ে অগ্রগতি নির্ভর করছে তেহরানের সহযোগিতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনার ওপর।
যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ইরানে পরিদর্শন কার্যক্রম পূর্ণাঙ্গভাবে পুনরায় শুরুর জন্য প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ বাস্তবায়নে আমরা ইরানকে আর দেরি না করে সংস্থাটির সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’
চার দেশের দাবি, ইরান সহযোগিতা করতে চাইলে প্রয়োজনীয় পদক্ষেপগুলো বাস্তবায়নযোগ্য এবং দ্রুত কার্যকর করা সম্ভব।
ডিসেম্বর ঘিরে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
দিল্লিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দাউদ ইব্রাহিমের সহযোগী নিহত
বৈশ্বিক শীর্ষ ধর্ম হচ্ছে ইসলাম: গবেষণা
রিয়াদের সর্বোচ্চ ভবনে হুতি ক্ষেপণাস্ত্র হামলা, বাড়ছে উত্তেজনা