অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করতে আফ্রিকার দেশ রুয়ান্ডায় একটি কেন্দ্র চালু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পাঁচ সদস্য দেশ। ২০২৭ সালে চালু হতে যাওয়া এই কেন্দ্রে অভিবাসীদের স্থানান্তরের পরিকল্পনা করেছে জার্মানি, ডেনমার্ক, অস্ট্রিয়া, গ্রিস ও নেদারল্যান্ডস।
ডাচ ও ডেনিশ সরকারের পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, পাঁচ দেশের যেসব অভিবাসীর অবস্থান অবৈধ এবং যাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে, তাঁদের ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে। নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব না হলে তাঁদের জন্য রুয়ান্ডার কেন্দ্রটি বিকল্প ব্যবস্থা হিসেবে কাজ করবে।
সংশ্লিষ্ট দেশগুলোর ভাষ্য অনুযায়ী, রুয়ান্ডায় পাঠানো অভিবাসীরা চাইলে দেশটির সমাজে একীভূত হতে পারবেন অথবা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
তবে এই পরিকল্পনা যুক্তরাজ্যের বাতিল হয়ে যাওয়া রুয়ান্ডা চুক্তির মতো নয়। নতুন ব্যবস্থায় কেবল তাঁদেরই পাঠানো হবে, যাঁদের পাঁচ দেশে বৈধভাবে থাকার সব আইনি সুযোগ শেষ হয়ে গেছে। অন্যদিকে, যুক্তরাজ্যের আগের চুক্তিতে আশ্রয়প্রার্থীদের আবেদন যাচাইয়ের জন্য রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা ছিল। আইনি জটিলতার কারণে সেই চুক্তি বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর লেবার সরকার তা বাতিল করে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কার্যালয় ডাউনিং স্ট্রিট নতুন এই উদ্যোগে দেশটির যুক্ত হওয়ার সম্ভাবনা নাকচ করেনি। তারা জানিয়েছে, বিষয়টি আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবে।
তবে পরিকল্পনাটির সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, স্পেনের টেলিসিনকো টেলিভিশনকে তিনি বলেন, রুয়ান্ডায় এ ধরনের কেন্দ্র স্থাপনের পরিকল্পনায় কোনো ভবিষ্যৎ বা মানবিকতা নেই। এটি সমস্যার সমাধান নয়।
পাঁচটি দেশ বলছে, অভিবাসীদের তৃতীয় কোনো দেশে পাঠানোর এ পরিকল্পনা ইইউ ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, এ উদ্যোগ অভিবাসীদের অধিকার লঙ্ঘন করতে পারে।
সম্প্রতি ইইউর অভিবাসন নীতিতে সংস্কারের ফলে জোটের বাইরের দেশগুলোতে এ ধরনের ফেরত পাঠানোর কেন্দ্র স্থাপনের সুযোগ তৈরি হয়েছে। সোমবার ভিয়েনায় এক যৌথ সংবাদ সম্মেলনে অস্ট্রিয়ার চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টকার বলেন, ইউরোপের আশ্রয়ব্যবস্থার ওপর চাপ কমানো এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের ঝুঁকিপূর্ণ যাত্রার আয়োজন করা পাচারকারীদের তৎপরতা বন্ধ করাই এ উদ্যোগের লক্ষ্য।
ডাচ সরকারের লিখিত বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনার প্রথম পর্যায়ে শুধু অবিবাহিত পুরুষ অভিবাসীদের ফেরত পাঠানো হবে। নেদারল্যান্ডসের ক্ষেত্রে রুয়ান্ডার কাছাকাছি অঞ্চলের দেশগুলো থেকে আসা ব্যক্তিদের ওপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
রুয়ান্ডায় পৌঁছানোর পর অভিবাসীরা দেশটির সমাজে একীভূত হওয়ার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁরা বসবাসের অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ, শ্রমবাজারে প্রবেশ এবং আইনি ব্যবস্থার সহায়তা পাবেন।
রুয়ান্ডার স্বরাষ্ট্রমন্ত্রী ভিনসেন্ট বিরুতা বলেন, অভিবাসীদের জন্য নিরাপদ, আইনসম্মত ও মর্যাদাপূর্ণ সমাধান নিশ্চিত করতে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁর দেশ। অনিয়মিত অভিবাসনের অন্যতম কারণ হিসেবে অর্থনৈতিক সুযোগের বৈশ্বিক অসমতার কথাও উল্লেখ করেন তিনি। এ অসমতা কমানোর বিষয়েও কাজ করার কথা জানান রুয়ান্ডার এই মন্ত্রী।
ঘোষণার আগে কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছিল, প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কেন্দ্রটি চালু হতে পারে। সেখানে প্রায় ১০০ জন অভিবাসীকে রাখা হতে পারে। পাঁচটি দেশ প্রত্যেকে প্রায় ২০ জন করে অভিবাসী পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এ উদ্যোগে সহায়ক ভূমিকা রাখতে পারে। সংস্থাটির এক মুখপাত্র জানান, যাত্রাপথে বা ট্রানজিট অবস্থায় থাকা অভিবাসীদের সহায়তা দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আইওএমের। ফেরত পাঠানোর কেন্দ্র বা এ ধরনের ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কয়েকটি ইইউ দেশের সঙ্গে তাদের আলোচনা চলছে।
ইইউর কয়েকটি দেশে নির্বাচন সামনে থাকায় অভিবাসন নিয়ন্ত্রণে সক্ষমতা দেখানোর চাপের মুখে রয়েছে সংশ্লিষ্ট সরকারগুলো। নিরাপত্তা, অর্থনৈতিক সংকট এবং ক্ষমতাসীন দলগুলোর প্রতি মানুষের অসন্তোষও অভিবাসন নিয়ে জনমত গঠনে প্রভাব ফেলছে।
তবে রুয়ান্ডাকে কেন্দ্র হিসেবে বেছে নেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির জ্যেষ্ঠ আফ্রিকা গবেষক ক্লেমেনটাইন ডি মন্টজয় বলেন, ভিন্নমত দমন, যথেচ্ছ আটক ও আটক ব্যক্তিদের সঙ্গে দুর্ব্যবহারের ক্ষেত্রে রুয়ান্ডার দীর্ঘদিনের রেকর্ড রয়েছে। পাশাপাশি প্রতিবেশী গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেওয়ার অভিযোগও দেশটির বিরুদ্ধে রয়েছে।
তিনি বলেন, অভিবাসী বহিষ্কারের কর্মসূচি পরিচালনার জন্য কিগালিকে অর্থ দেওয়া হলে শুধু বহিষ্কৃত ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হবেন না; বরং নিজ দেশে ও দেশের বাইরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত একটি সরকার অর্থ ও রাজনৈতিক প্রভাব অর্জনের সুযোগ পাবে।
ইইউর স্বাধীন সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস বলেছে, ফেরত পাঠানোর কেন্দ্র পরিচালনাকারী যেকোনো তৃতীয় দেশকে মৌলিক মানবাধিকার রক্ষা করতে হবে। কোনো ব্যক্তিকে এমন দেশে পাঠানো যাবে না, যেখানে তিনি নিপীড়নের গুরুতর ঝুঁকিতে পড়তে পারেন। সংস্থাটি আরও বলেছে, অভিভাবকহীন শিশুদের এ ধরনের কেন্দ্রে পাঠানো উচিত নয়। ডাচ সরকারও জানিয়েছে, শিশুদের এই ব্যবস্থার আওতায় আনা হবে না।
ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসে ইইউর সীমান্তে প্রায় ১ লাখ ১০ হাজার অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৯ শতাংশ কম।
অক্টোবরে প্রায় ১৮ হাজার ১০০টি অনিয়মিত প্রবেশের ঘটনা শনাক্ত হয়। ২০২৫ সালের অক্টোবরের তুলনায় এ সংখ্যা ৬ শতাংশ কম হলেও সেপ্টেম্বরের তুলনায় ২২ শতাংশ বেশি। মূলত পশ্চিম আফ্রিকার পথ দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীর আগমন বেড়ে যাওয়ায় অক্টোবরে এ সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সূত্র: বিবিসি
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইউরোপের সঙ্গে নতুন আলোচনায় ইউক্রেন
সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
ইরান যুদ্ধ দীর্ঘায়িত না করে অবসান ঘটাতে চান ট্রাম্প, দাবি ভ্যান্সের
জামালপুরে ধর্ষণ মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড
সিরিয়ার সঙ্গে ২০ বছর আগের সহযোগিতা চুক্তি পুনরুজ্জীবনে একমত ইইউ
কালীনদী থেকে দিনমজুরের অর্ধগলিত মরদেহ উদ্ধার