ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনা নিহত

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রাণহানির সংখ্যা আগের ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে। ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ দেশটির ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত হয়ে থাকতে পারেন। নতুন এক অনুসন্ধান ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত যৌথ গবেষণায় এ হিসাব দিয়েছে রাশিয়ার বাইরে থেকে পরিচালিত স্বাধীন সংবাদমাধ্যম মেদুজা ও মিডিয়াজোনা। তাদের অনুসন্ধানের তথ্য উদ্ধৃত করে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এই হিসাব তৈরি করা হয়েছে। বেলারুশভিত্তিক হ্যাকার গোষ্ঠী সাইবার পার্টিজানস এবং ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের তথ্যভান্ডারে প্রবেশ করে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করে। পরে সেসব তথ্য সাংবাদিকদের হাতে আসে।

মেদুজা ও মিডিয়াজোনা জানায়, ফাঁস হওয়া তথ্যের সত্যতা যাচাই করতে তারা রাশিয়ার সরকারি নথি, আদালতের রেকর্ড, উত্তরাধিকারসংক্রান্ত তথ্য এবং আগে থেকে সংরক্ষিত নিহত সেনাদের তালিকার সঙ্গে সেগুলো মিলিয়ে দেখেছে।

গবেষণায় দেখা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ নাগাদ রাশিয়ার সরকারি তথ্যভান্ডারে অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ জন সেনার মৃত্যুর তথ্য নিবন্ধিত হয়েছে।

তবে এই সংখ্যা যুদ্ধক্ষেত্রে প্রকৃত প্রাণহানির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে না। কারণ রাশিয়ায় সেনাদের মৃত্যুর তথ্য সরকারি নথিতে অন্তর্ভুক্ত হতে অনেক সময় কয়েক মাস, এমনকি এক বছরেরও বেশি সময় লেগে যায়।

বিশেষ করে যেসব সেনা নিখোঁজ হয়েছেন, তাঁদের অনেকের মৃত্যুর তথ্য আদালতের সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর নথিভুক্ত হয়।

এ কারণে গবেষকরা শুধু নিবন্ধিত মৃত্যুর হিসাবের ওপর নির্ভর করেননি। নিখোঁজ সেনাদের একটি অংশকে সম্ভাব্য মৃত হিসেবে বিবেচনায় নিয়ে পরিসংখ্যানভিত্তিক মডেল তৈরি করেছেন। সেই হিসাবেই মোট নিহতের সংখ্যা ৭ লাখ ২০ হাজার বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হয়েছে।

মেদুজা ও মিডিয়াজোনার অনুসন্ধানে রসস্ট্যাটের পাশাপাশি দেশটির ইউনিফায়েড স্টেট রেজিস্টার অব সিভিল স্ট্যাটাস রেকর্ডসের তথ্যও বিশ্লেষণ করা হয়েছে। এই তথ্যভান্ডারে জন্ম, মৃত্যু, বিয়ে ও বিবাহবিচ্ছেদের সরকারি নথি সংরক্ষিত থাকে।

হ্যাকারদের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে ২০২১ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রায় ২ কোটি ৯৭ লাখ মৃত্যুর রেকর্ড ছিল। সাংবাদিকরা এসব তথ্য বিশ্লেষণ করে যুদ্ধসংক্রান্ত মৃত্যুর তথ্য আলাদা করেন।

গবেষণায় সামরিক মৃত্যুর কারণ, আদালতের মাধ্যমে মৃত ঘোষণার তথ্য, ব্যক্তির পেশা এবং মৃত্যুর স্থানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

একই সঙ্গে বেসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্য যেন সামরিক প্রাণহানির হিসাবে যুক্ত না হয়, সে জন্য পৃথক যাচাই পদ্ধতিও অনুসরণ করা হয়েছে।

ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া যুদ্ধক্ষেত্রে নিজেদের সেনাদের প্রাণহানির পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে দেশটির সাধারণ মানুষের কাছে যুদ্ধের প্রকৃত মানবিক মূল্য সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া কঠিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার সংবাদমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ, তথ্যপ্রবাহ সীমিত করা এবং যুদ্ধবিরোধী অবস্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে দেশের অভ্যন্তরে যুদ্ধসংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণ করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

মেদুজা ও মিডিয়াজোনার নতুন অনুসন্ধান সেই গোপনীয়তার মধ্যেও রাশিয়ার সামরিক ক্ষয়ক্ষতির একটি বিস্তৃত চিত্র সামনে এনেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছর ধরে চলছে রাশিয়ার যুদ্ধ। বিপুলসংখ্যক সেনা নিহত হওয়ার হিসাব সামনে এলেও সংঘাতের অবসানের বিষয়ে এখনো কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না।

নতুন গবেষণায় বলা হয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ নিখোঁজ সেনাদের হিসাব যুক্ত করলে রাশিয়ার সামরিক প্রাণহানির সংখ্যা প্রায় ৫ লাখ ৩০ হাজারে পৌঁছেছিল। ২০২৬ সালের শরৎ নাগাদ তা ৭ লাখ ২০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

তবে গবেষকরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ের তথ্য অসম্পূর্ণ হওয়ায় হিসাবটিতে কিছু অনিশ্চয়তা রয়েছে। বিশেষ করে নিখোঁজ সেনাদের মধ্যে কতজন প্রকৃতপক্ষে নিহত হয়েছেন, তা নির্ধারণে পরিসংখ্যানভিত্তিক অনুমানের প্রয়োজন হয়েছে।

এই গবেষণা রাশিয়ার ইউক্রেন যুদ্ধের মানবিক মূল্য এবং ক্রেমলিনের সামনে থাকা সামরিক ও রাজনৈতিক চাপের মাত্রা নতুন করে তুলে ধরেছে।

সূত্র: দি নিউইয়র্ক টাইমস