দুর্নীতির মামলায় দুই মাসের বিচারিক হেফাজতে রাশিয়ার গভর্নর

দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে রাশিয়ার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মুরমানস্ক অঞ্চলের গভর্নর আন্দ্রেই চিবিসকে দুই মাসের বিচারিক হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন মস্কোর একটি আদালত। বুধবার (২৫ নভেম্বর) আদালতের এ আদেশের মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধ শুরুর পর দায়িত্বে থাকা কোনো রুশ আঞ্চলিক গভর্নরের বিরুদ্ধে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নেওয়া হলো।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সরকারি অর্থ আত্মসাৎ ও বড় অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগে গত ২৩ নভেম্বর মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দর থেকে চিবিসকে আটক করা হয়। সরকারি কাজে মস্কো সফরে গিয়েছিলেন তিনি। পরে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানায় তদন্তকারী সংস্থা।

রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ, মুরমানস্ক অঞ্চলের নির্মাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে ৩ কোটি ৯০ লাখ রুবলের বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি পরিবহন মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে এক বিলিয়ন রুবলেরও বেশি অর্থ সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দ্বিতীয় অর্থের বড় অংশ বরাদ্দ ছিল আপাতিতি ও কিরোভস্ক শহরের মধ্যবর্তী একটি মহাসড়ক পুনর্নির্মাণের জন্য।

তদন্তকারীরা আরও কয়েকটি আর্থিক লেনদেনের বিষয় খতিয়ে দেখছেন। রুশ সংবাদমাধ্যম কমেরসান্তের প্রতিবেদনে বলা হয়েছে, গভর্নরের বিরুদ্ধে ঘুষ হিসেবে একটি বিশেষ ধরনের নৌযান গ্রহণের অভিযোগও তদন্ত করা হচ্ছে। সেটির মূল্য প্রায় ৮৫ লাখ রুবল বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শুধু গভর্নর নন, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন কর্মকর্তা ও নির্মাণ খাতের ব্যবসায়ীরাও তদন্তের আওতায় এসেছেন। বিভিন্ন প্রতিবেদনে মামলায় অন্তত ১০ জনের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে।

তবে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন চিবিস। আদালতে তাঁর আইনজীবীর মাধ্যমে জানানো হয়েছে, তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় তিনি নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারবেন বলে আত্মবিশ্বাসী। ক্রেমলিনও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

২০১৯ সাল থেকে মুরমানস্ক অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করছেন আন্দ্রেই চিবিস। ২০২৪ সালে পুনর্নির্বাচিত হন তিনি। এর আগে রাশিয়ার নির্মাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চিবিসের গ্রেপ্তারের ঘটনা রাশিয়ার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত মুরমানস্ক একটি গুরুত্বপূর্ণ আর্কটিক বন্দর এবং রুশ নর্দার্ন ফ্লিটের প্রধান ঘাঁটি। একই সঙ্গে উত্তর সাগরীয় বাণিজ্যপথ বা নর্দার্ন সি রুট উন্নয়নের ক্ষেত্রেও অঞ্চলটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগর ও বাল্টিক সাগরকেন্দ্রিক বাণিজ্যপথে নানা সীমাবদ্ধতা তৈরি হওয়ায় আর্কটিক অঞ্চলের বন্দর ও নৌপথের গুরুত্ব রাশিয়ার কাছে আরও বেড়েছে। নর্দার্ন সি রুট সম্প্রসারণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিকল্পনার সঙ্গেও মুরমানস্কের সরাসরি সম্পর্ক রয়েছে।

বিশ্লেষকদের মতে, একজন দায়িত্বশীল আঞ্চলিক গভর্নরের বিরুদ্ধে এমন দুর্নীতির মামলা রাশিয়ার প্রশাসনিক ব্যবস্থায় নতুন আলোচনার জন্ম দিতে পারে। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে সরকারি অর্থের ব্যবহার, আঞ্চলিক প্রশাসনের জবাবদিহি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

উল্লেখ্য, রাশিয়ায় ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দায়িত্বে থাকা কোনো গভর্নরকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র: রয়টার্স।