বিদেশি কর্মীদের জন্য কানাডার বড় অভিবাসন উদ্যোগ

কানাডায় কর্মরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। নতুন উদ্যোগের আওতায় ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্য কানাডার স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।

এ জন্য দেশটির বিভিন্ন প্রদেশ ও অঞ্চলকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কানাডার ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ১২ নভেম্বর অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। পরে সোমবার (২৩ নভেম্বর) অভিবাসন বিষয়ক ওয়েবসাইট ইমিগ্রেশন ডট সিএ-তে প্রকাশিত প্রতিবেদনে পরিকল্পনার বিভিন্ন দিক জানানো হয়।

নতুন উদ্যোগে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির (পিএনপি) আওতায় অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। এর ফলে কানাডায় আগে থেকেই বসবাস ও কাজ করছেন এমন বিদেশি কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ বাড়বে।

তবে কতজনকে মনোনয়ন দেওয়া হবে, তা সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চল নিজেদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী নির্ধারণ করবে। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

কারা পাবেন স্থায়ী বসবাসের সুযোগ?

কানাডায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন, এমন বিদেশি কর্মীরাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় শ্রমবাজারে যেসব কর্মীর চাহিদা রয়েছে এবং যারা প্রাদেশিক মনোনয়ন বা অন্য কোনো স্থায়ী বসবাসের কর্মসূচির শর্ত পূরণ করতে পারবেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হতে পারে।

যোগ্য কর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন। তবে শুধু কানাডায় চাকরি করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের অনুমতি মিলবে না। এ উদ্যোগের আওতায় সবার জন্য প্রযোজ্য নির্দিষ্ট যোগ্যতার তালিকা এখনো প্রকাশ করেনি সরকার।

আবেদনের সময়সীমা নিয়ে যা জানা জরুরি

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।

তবে এই তারিখকে স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ সময় হিসেবে বিবেচনা করা যাবে না। কারণ, প্রদেশভেদে মনোনয়ন ও আবেদনপ্রক্রিয়া আলাদা। কোনো কোনো প্রদেশে আগ্রহপত্রের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়, আবার কোথাও নিয়োগকর্তার সহায়তায় আবেদন নেওয়া হয়।

আগে আবেদন করেও অপেক্ষায় থাকা ব্যক্তিরা

নতুন উদ্যোগের আওতায় স্থায়ী বসবাসের জন্য আবেদন করে অপেক্ষায় থাকা কিছু বিদেশি কর্মীকেও বিবেচনা করা হবে। তাঁদের মধ্যে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী কর্মসূচির আবেদনকারীরা রয়েছেন।

তবে এসব বন্ধ হয়ে যাওয়া কর্মসূচিতে নতুন করে আবেদন গ্রহণ শুরু হচ্ছে না। আগে আবেদন করা যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য।

কেন এই উদ্যোগ নিচ্ছে কানাডা?

দেশটির বিভিন্ন অঞ্চলে দক্ষ কর্মীর ঘাটতি পূরণ এবং স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা বিদেশি কর্মীদের ধরে রাখতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে। আগে থেকেই কানাডায় কাজ করছেন এমন অভিজ্ঞ কর্মীদের স্থায়ী হওয়ার সুযোগ বাড়লে নিয়োগকর্তারাও দক্ষ কর্মী ধরে রাখতে পারবেন বলে মনে করছে সরকার।

এ ছাড়া ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির আওতায় বার্ষিক অভিবাসন লক্ষ্যমাত্রা ৯২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৯৫ হাজার করা হয়েছে।

২০২৭ সালে ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের পরিকল্পনা

কানাডার বৃহত্তর পরিকল্পনায় ২০২৭ সালে সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে বিদেশি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য রাখা হয়েছে ১ লাখ সুযোগ।

বাকি ১ লাখের মধ্যে হংকংয়ের বাসিন্দাদের জন্য ৩২ হাজার, ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক বিবেচনায় যোগ্য আবেদনকারীদের জন্য ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের পরিবারের নির্দিষ্ট সদস্যদের জন্য ৪৫ হাজার সুযোগ রাখা হয়েছে।

তবে পুরো উদ্যোগটি এককালীন। নির্ধারিত যোগ্যতা পূরণকারী কানাডায় অবস্থানরত ব্যক্তিরাই এ সুযোগের আওতায় আসবেন।