স্পেনে ডানপন্থীদের উত্থান, নারী অধিকার ও অভিবাসন নীতিতে শঙ্কা

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া একসময় সমাজতন্ত্রীদের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ছিল। টানা তিন দশকেরও বেশি সময় ধরে অঞ্চলটি শাসন করেছে সমাজতান্ত্রিক দল পিএসওই। কিন্তু দুর্নীতির অভিযোগ, অভিবাসন নিয়ে বিতর্ক এবং প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি মানুষের অসন্তোষে বদলে গেছে সেই চিত্র। এখন রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) সঙ্গে জোট করে অঞ্চলটি শাসন করছে কট্টর ডানপন্থি দল ভক্স।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্দালুসিয়ায় পিপি ও ভক্সের এই ক্ষমতার সমীকরণ স্পেনের জাতীয় রাজনীতির সম্ভাব্য ভবিষ্যৎও তুলে ধরছে। আগামী রোববারের আগাম জাতীয় নির্বাচনে একই ধরনের জোটের সম্ভাবনা তৈরি হওয়ায় অঞ্চলটির রাজনৈতিক পরিবর্তন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

আন্দালুসিয়ার ছোট্ট গ্রাম রিওখার একটি পারিবারিক মুদিদোকানে বসে নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন পরিবারের সদস্যরা। ৩২ বছর বয়সী আন্তোনিও সেরেজোর কাছে রাজনীতিবিদদের প্রতি আস্থা নেই। তাঁর ভাষায়, সব রাজনীতিবিদই মিথ্যাবাদী। তাই ভোটের দিন তিনি ফাঁকা ব্যালট জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর ৪৩ বছর বয়সী চাচাতো বোন পাত্রিসিয়া নিকোলাস সেরেজোও এখনো ঠিক করতে পারেননি কাকে ভোট দেবেন। তবে তাঁর ১৮ বছর বয়সী ছেলে আলফোনসো দুকের সিদ্ধান্ত স্পষ্ট। জীবনের প্রথম ভোটটি তিনি দিতে চান ভক্সকে। তাঁর যুক্তি, বর্তমান পরিস্থিতির চেয়ে খারাপ আর কী হতে পারে।

পরিবারটির সদস্যদের রাজনৈতিক পছন্দে পার্থক্য থাকলেও একটি বিষয়ে তাঁদের মিল রয়েছে—প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সমাজতান্ত্রিক সরকারের বিদায় চান তাঁরা।

সমাজতন্ত্রীদের দীর্ঘদিনের আধিপত্যে ভাঙন

১৯৮২ সালে আন্দালুসিয়ার প্রথম আঞ্চলিক নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে পিএসওই। এরপর টানা ৩৬ বছরেরও বেশি সময় অঞ্চলটির শাসনক্ষমতা ধরে রাখে দলটি। কৃষিনির্ভর ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই অঞ্চলে সমাজতন্ত্রীদের জনপ্রিয়তার পেছনে ছিল দীর্ঘদিনের সামাজিক ও রাজনৈতিক প্রভাব।

তবে ২০১৮ সালের নির্বাচনে সেই আধিপত্যে বড় ধরনের পরিবর্তন আসে। দুর্নীতির একাধিক অভিযোগে পিএসওইয়ের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দলটি সর্বাধিক আসন পেয়েছিল। কিন্তু পিপি, উদারপন্থি সিউদাদানোস এবং ভক্সের সমর্থনে সরকার গঠন করে রক্ষণশীলরা। স্পেনে সেটিই ছিল কট্টর ডানপন্থীদের সমর্থন নিয়ে পিপির ক্ষমতায় আসার প্রথম উল্লেখযোগ্য নজির।

সেভিয়ার পাবলো দে ওলাভিদে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক বস্কো গোভান্তেসের মতে, ওই ঘটনা স্পেনের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করে। তাঁর বিশ্লেষণ, পিপি প্রথমবারের মতো ভক্সের সঙ্গে সহযোগিতার পথ খুলে দেয়। এর ফলে জাতীয় রাজনীতিতেও দুই দলের মধ্যে সমঝোতা অনেক বেশি স্বাভাবিক হয়ে ওঠে।

২০১৩ সালে সান্তিয়াগো আবাস্কালের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ভক্স। কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের বিষয়ে রক্ষণশীল নেতৃত্বের অবস্থানকে অতিরিক্ত নমনীয় মনে করে দলটির কয়েকজন নেতা বেরিয়ে এসে নতুন দল গঠন করেন। শুরুতে মূলধারার রাজনীতিতে জায়গা করতে না পারলেও ২০১৮ সালে আন্দালুসিয়ার আঞ্চলিক পার্লামেন্টে প্রবেশের মধ্য দিয়ে দলটির উত্থান শুরু হয়।

পরবর্তী সময়ে কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদ ইস্যুর পাশাপাশি অভিবাসন, জাতীয় পরিচয় ও সংস্কৃতিকে রাজনৈতিক প্রচারের কেন্দ্রে নিয়ে আসে ভক্স। বিশেষ করে অনিবন্ধিত অভিবাসীদের বহিষ্কার এবং সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর করার দাবি দলটির সমর্থন বাড়াতে ভূমিকা রাখে।

অভিবাসন ইস্যুতে ভক্সের রাজনৈতিক প্রচার

ভক্সের জনপ্রিয়তা বাড়ার পেছনে অভিবাসনবিরোধী প্রচার বড় ভূমিকা রাখছে। দলটির নেতা সান্তিয়াগো আবাস্কাল প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁর সরকার অভিবাসীদের স্পেনে প্রবেশের সুযোগ দিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জায়গা দখলের পথ তৈরি করছে। দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস ও কাজ করা অনিবন্ধিত অভিবাসীদের বৈধতা দেওয়ার সরকারি উদ্যোগেরও বিরোধিতা করছে দলটি।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সানচেজ ক্ষমতায় আসার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত স্পেনে বিদেশে জন্ম নেওয়া বাসিন্দার সংখ্যা ৬৩ লাখ থেকে বেড়ে ১ কোটি ৪ লাখে পৌঁছেছে। অন্যদিকে সানচেজ এই অভিবাসননীতিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শ্রমবাজারের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন।

ক্ষমতায় গেলে অভিবাসনসংক্রান্ত সরকারি নীতিতে পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছে ভক্স। অনিবন্ধিত অভিবাসীদের বৈধতা দেওয়ার কর্মসূচি বন্ধ, সীমান্ত নিয়ন্ত্রণ কঠোর এবং অপরাধে দণ্ডিত বিদেশিদের বহিষ্কারের পক্ষে দলটি।

ভোটের আগে প্রকাশিত ইপসোসের এক জরিপে দেখা গেছে, ২০২৩ সালের নির্বাচনে পিপিকে ভোট দেওয়া ভোটারদের সর্বোচ্চ ২০ শতাংশ এবার ভক্সকে সমর্থন করার কথা ভাবছেন। ভোটার হারানোর আশঙ্কায় পিপিও অভিবাসন প্রশ্নে আগের তুলনায় কঠোর অবস্থান নিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

প্রধানমন্ত্রী সানচেজ এবারের নির্বাচনকে অগ্রগতি ও পশ্চাৎমুখিতার লড়াই হিসেবে তুলে ধরেছেন। তাঁর অভিযোগ, পিপি ও ভক্সের মধ্যে মূলত মানুষের অধিকার সীমিত করার প্রশ্নেই ঐকমত্য রয়েছে। তবে আন্দালুসিয়ার অনেক ভোটার দুই দলের জোট নিয়ে তেমন উদ্বিগ্ন নন। ৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত গৃহিণী রোসারিয়ার মতে, ভক্স সরকারে থাকলেও সমস্যা নেই; পিপি দলটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে।

নারীর অধিকার নিয়ে দুই দলের মতপার্থক্য

অভিবাসন ইস্যুতে পিপি ও ভক্সের মধ্যে সহযোগিতা থাকলেও নারীর অধিকার নিয়ে তাদের অবস্থানে পার্থক্য রয়েছে। স্পেনের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে ২০০৪ সালের আইন বাতিল করতে চায় ভক্স। দলটির দাবি, এই আইন পুরুষদের প্রতি বৈষম্যমূলক। এর পরিবর্তে নারী-পুরুষ নির্বিশেষে পারিবারিক সহিংসতার শিকার সবার সুরক্ষায় নতুন আইন প্রণয়নের পক্ষে তারা।

অন্যদিকে গত বছর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিভিন্ন দলের মধ্যে হওয়া জাতীয় চুক্তি নবায়নের পক্ষে ছিল পিপি। প্রধানমন্ত্রী সানচেজের আশঙ্কা, ভক্সের প্রভাব বাড়লে নারীদের অর্জিত অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে আবাসন ও অভিবাসননীতিতে দুই দলের অবস্থান অনেকটাই কাছাকাছি। আন্দালুসিয়ায় সরকারি ভর্তুকির আবাসন ও সামাজিক আবাসন বরাদ্দে স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার দেওয়ার পক্ষে তারা অবস্থান নিয়েছে। বর্তমানে স্থানীয়ভাবে বসবাস কিংবা কাজ করেন—এমন ব্যক্তিদের জাতীয়তা নির্বিশেষে অগ্রাধিকার দেওয়ার সুযোগ রয়েছে।

গত মাসে পিপি ও ভক্স স্পেনের কেন্দ্রীয় সরকারের কাছে একটি প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়। এতে সরকারি আবাসন ও আবাসন সহায়তা দেওয়ার ক্ষেত্রে স্প্যানিশ নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। দুই দলের আঞ্চলিক জোট চুক্তিতেও আন্দালুসিয়া বা স্পেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তিদের সামাজিক আবাসন ও সরকারি সুবিধায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডেও প্রভাব

পিপি ও ভক্সের রাজনৈতিক সহযোগিতার প্রভাব পড়েছে শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডেও। আরাগন অঞ্চলে চলতি বছর স্কুলে আরবি ভাষা ও মরক্কোর সংস্কৃতি শেখানোর একটি কর্মসূচি বন্ধ করা হয়েছে। ২০২৭ সালে আন্দালুসিয়াতেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।

মুরসিয়া অঞ্চলের জুমিলা শহরে পৌরসভার ক্রীড়া স্থাপনা ব্যবহারে বিধিনিষেধ আরোপের পর মুসলিমদের ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হয়েছে একটি গাড়ি পার্কিং এলাকায়। পিপি ও ভক্সের সমর্থনে নেওয়া ওই সিদ্ধান্ত ধর্মীয় জমায়েতের ওপর কী ধরনের প্রভাব ফেলেছে, তা নিয়ে সমালোচনা হয়েছে।

ভ্যালেন্সিয়ায় স্কুলের খাবারে ব্যবহৃত মাংসের ক্ষেত্রে পশু জবাইয়ের আগে অচেতন করার নিয়মের পক্ষে অবস্থান নিয়েছে দল দুটি। এই শর্ত পূরণ করে হালাল খাবার পরিবেশনের সুযোগ থাকলেও বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে বালিয়ারিক দ্বীপপুঞ্জে জনসমক্ষে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার প্রস্তাব স্পেনের পার্লামেন্টে পাঠানোর পক্ষে ভোট দিয়েছে পিপি ও ভক্স।

অভিবাসীদের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা

ভক্সের অভিবাসননীতির কারণে স্পেনে বসবাসরত বিদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দলটি এমন বিদেশিদেরও বহিষ্কারের দাবি জানিয়েছে, যাদের বৈধভাবে বসবাসের অধিকার রয়েছে, কিন্তু তারা সরকারি সহায়তার ওপর নির্ভরশীল বলে দলটির অভিযোগ। ইউরোপের অন্য দেশগুলোতে এমন নীতির নজির নেই বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কলম্বিয়া থেকে চার বছর আগে স্পেনে এসেছিলেন ইউদি রামিরেজ। ৪৯ বছর বয়সী এই নারী সন্তানকে দেখাশোনার পাশাপাশি গৃহপরিচারিকা হিসেবে কাজ করেছেন। আলমেরিয়ার একটি গ্রিনহাউসে ফল সংগ্রহের কাজও করেছেন ঘণ্টায় পাঁচ ইউরো মজুরিতে। দীর্ঘ অপেক্ষার পর গত জুনে তিনি স্পেনে বৈধভাবে বসবাসের কাগজপত্র পেয়েছেন।

তবে ভক্সের রাজনৈতিক উত্থানে তাঁর মতো অভিবাসীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রামিরেজের কথায়, ‘আমাদের অনেকেই ভয়ে আছি। কারণ, এই মুহূর্তে দেশে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই।’

সব মিলিয়ে আন্দালুসিয়ার রাজনৈতিক পরিবর্তন এখন স্পেনের জাতীয় নির্বাচনের আলোচনায় গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে সমাজতন্ত্রীদের দীর্ঘদিনের শাসনের অবসান ঘটবে কি না, তা নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে পিপি ও ভক্সের সম্ভাব্য ক্ষমতার সমীকরণ শুধু অভিবাসননীতি নয়, আবাসন, নারী অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও স্পেনের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনাতেও প্রভাব ফেলতে পারে।

সূত্র: আলজাজিরা ।