স্পেনের নির্বাচনে বড় ইস্যু আবাসন সংকট, মুখোমুখি দুই শীর্ষ নেতা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পিএম

স্পেনের ২৯ নভেম্বরের সাধারণ নির্বাচন সামনে রেখে দেশটির রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে উঠেছে আবাসন সংকট। বাড়িভাড়া বৃদ্ধি, বাসস্থানের অপ্রতুলতা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়া বাড়ির দামের কারণে নির্বাচনী প্রচারে গুরুত্ব পাচ্ছে এই সংকট। সমস্যা সমাধানে পরস্পরবিরোধী পরিকল্পনা নিয়ে মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও প্রধান বিরোধী দল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো।

বুধবার (২৫ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত ১৯ নভেম্বর টেলিভিশন বিতর্কে দুই নেতা আবাসন সংকট মোকাবিলায় নিজেদের পরিকল্পনা তুলে ধরেন। বিতর্কে সানচেজ ভাড়া নিয়ন্ত্রণ ও স্বল্পমেয়াদি পর্যটক ভাড়ার ওপর বিধিনিষেধের পক্ষে অবস্থান নেন। অন্যদিকে ফেইহো বাড়ি নির্মাণ বাড়ানো, ভূমি উন্নয়ন প্রক্রিয়া সহজ করা এবং নিয়ন্ত্রণ শিথিল করার ওপর গুরুত্ব দেন। 

স্পেনে দীর্ঘদিন ধরেই আবাসনের চাহিদার তুলনায় বাড়ির সরবরাহ কম। পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধি, পর্যটকদের জন্য স্বল্পমেয়াদি ভাড়ার ব্যবস্থা, বড় বিনিয়োগ তহবিলের সম্পত্তি কেনা এবং নতুন বাড়ি নির্মাণে দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতালোনিয়ায় বিক্রির জন্য একটি বাড়ির বিজ্ঞাপন প্রকাশের প্রথম ১০ দিনের মধ্যে গড়ে ৩৬৮টি আগ্রহের আবেদন আসে। মাদ্রিদে একই সময়ে একটি বাড়ির জন্য আগ্রহী ব্যক্তির সংখ্যা গড়ে ১০৩ জন। এতে আবাসনের চাহিদা ও সরবরাহের ব্যবধান স্পষ্ট হয়ে উঠেছে। 

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে স্পেনে মূল্যস্ফীতি সমন্বয়ের পর বাড়ির দাম বেড়েছে ৪৩ শতাংশ। একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে এ বৃদ্ধির হার ছিল ২৫ শতাংশ। দেশটিতে আবাসনের ঘাটতি আনুমানিক ৭ লাখ ৫০ হাজার। ২০২৫ সালে ১৮ থেকে ৩৪ বছর বয়সী স্প্যানিশ তরুণদের প্রায় দুই-তৃতীয়াংশ বাবা-মায়ের সঙ্গে বসবাস করছিলেন। 

প্রধানমন্ত্রী সানচেজের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট পার্টি (পিএসওই) আগামী দিনে ১ লাখ সামাজিক আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি বাড়ি খালি রেখে দেওয়া বড় সম্পত্তির মালিক, বিনিয়োগ তহবিল এবং অতিরিক্ত ভাড়ার পর্যটন অ্যাপার্টমেন্টের ওপর কর আরোপের পরিকল্পনাও তুলে ধরেছে।

অন্যদিকে ফেইহোর পিপলস পার্টি আগামী চার বছরে ১০ লাখ বাড়ি নির্মাণের লক্ষ্য নির্ধারণ করেছে। দলটি ভূমি উন্নয়ন ও নির্মাণের অনুমোদন প্রক্রিয়া সহজ করে নতুন আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে চায়। তরুণদের বাড়ি কেনা ও ভাড়া নেওয়ার ক্ষেত্রে কর ছাড় দেওয়ার প্রস্তাবও রয়েছে তাদের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভূমিকে আবাসন নির্মাণের উপযোগী করতে স্পেনে ১০ থেকে ১৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে। মাদ্রিদে নতুন ভূমি আইন কার্যকর হলে এ সময় কমিয়ে চার বছরে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। 

আবাসন সংকটের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি, অভিবাসন এবং দুর্নীতির অভিযোগও নির্বাচনী প্রচারে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবরে পার্লামেন্টে সরকারের আবাসনসংক্রান্ত কয়েকটি প্রস্তাব আটকে যাওয়ার পর আগাম নির্বাচনের ঘোষণা দেন সানচেজ।

বিশেষ করে মাদ্রিদে ৮৭ বছর বয়সী এক বৃদ্ধাকে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনা দেশজুড়ে প্রতিবাদের জন্ম দেয়। ঘটনাটি আবাসন সংকটের মানবিক দিকটি সামনে নিয়ে আসে এবং রাজনৈতিক বিতর্ককে আরও জোরালো করে। 

এদিকে নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে ফেইহোর দল এগিয়ে রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে দলটিকে কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন নিতে হতে পারে।

সব মিলিয়ে স্পেনের এবারের নির্বাচনে আবাসন সংকট শুধু একটি অর্থনৈতিক সমস্যা নয়, বরং ক্ষমতার পালাবদল নির্ধারণে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। ২৯ নভেম্বরের ভোটে স্পেনের জনগণ কোন ধরনের আবাসননীতি ও অর্থনৈতিক পরিকল্পনাকে সমর্থন করেন, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। 

তথ্যসূত্র: রয়টার্স 

বিএইচবি
আরও পড়ুন
সর্বশেষপঠিত