স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে প্রায় ১০০ জন অভিবাসী বহনকারী একটি নৌকা থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) স্পেনের বার্তা সংস্থা ইএফই এ তথ্য জানিয়েছে। ওই নৌকাটি উদ্ধারের পর এ ঘটনা সামনে আসে।
অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় অঞ্চলটির কর্তৃপক্ষ যখন চাপের মুখে, তখন এই প্রাণহানির ঘটনা ঘটল। বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসনপথ হিসেবে পরিচিত আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার ঝুঁকিও নতুন করে সামনে এসেছে।
স্পেনে রোববারের সাধারণ নির্বাচনের কয়েক দিন আগে এ ঘটনা ঘটল। নির্বাচনী প্রচারে অভিবাসন এখন অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে।
ইএফই জানিয়েছে, নৌকাটি থেকে ১৪ জনের মরদেহ তীরে আনা হয়েছে। এর আগে সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা জানিয়েছিল, নৌকাটির ভেতরে ৮ থেকে ১০টি মরদেহ পাওয়া গেছে। গুরুতর অসুস্থ ছয়জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
এল হিয়েরো দ্বীপের দক্ষিণে প্রায় ৩৯ নটিক্যাল মাইল বা ৭২ কিলোমিটার দূরে নৌকাটির সন্ধান পাওয়া যায়। পরে সেটিকে টেনে লা এস্তাকা বন্দরের দিকে নেওয়া হচ্ছিল।
এদিকে, একই দ্বীপের লা রেস্তিঙ্গা বন্দরে অন্য একটি নৌকা থেকে ৮৪ জন জীবিত অভিবাসী তীরে নামেন। সেখানে অভিবাসীদের জন্য অভ্যর্থনা কেন্দ্র ও অস্থায়ী হাসপাতাল রয়েছে। দ্বীপে পৌঁছানো অধিকাংশ অভিবাসীবাহী নৌকার যাত্রীদের সেখানে প্রাথমিকভাবে ব্যবস্থাপনা করা হয়।
অক্টোবর থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমন দ্রুত বেড়েছে। গত ২৫ নভেম্বর এক দিনেই রেকর্ড ২ হাজার ১০০ জন অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছান। তাঁদের অধিকাংশই আসেন এল হিয়েরো দ্বীপে, যার জনসংখ্যা প্রায় ১১ হাজার ৪০০।
নতুন এই প্রাণহানির ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক প্রধান ফার্নান্দো ক্লাভিহো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি স্পেন সরকার ও ইউরোপীয় কমিশনের কাছে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
তিনি লেখেন, ‘এই নতুন ট্র্যাজেডিতে অনেক কষ্ট ও অসহায়ত্ব অনুভব করছি।’
ক্লাভিহো আরও বলেন, ‘মানবিক সংকট এল হিয়েরোতে শুরু হয় না; এর শুরু সেনেগাল ও গাম্বিয়ার উপকূলে। সেখানেই আমাদের পদক্ষেপ নিতে হবে।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপের নেতাদের মধ্যে অভিবাসনের অর্থনৈতিক সুফলের পক্ষে জোরালো অবস্থান নেওয়া ব্যক্তিদের একজন। অন্যদিকে জনমত জরিপে এগিয়ে থাকা দেশটির ডানপন্থীরা অভিবাসন নিয়ন্ত্রণে আরও কঠোর ব্যবস্থা চায়।
প্রতি বছর হাজার হাজার অভিবাসী অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে স্পেনের ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টা করেন। এ পথে উত্তাল সমুদ্র ও শক্তিশালী স্রোতের কারণে যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সাধারণত শরৎকালে সমুদ্রের পরিস্থিতি তুলনামূলক অনুকূল থাকায় এ সময় অভিবাসীদের আগমন বাড়ে।