কে এই আলবার্তো ফেইহো, যিনি স্পেনের নতুন প্রধানমন্ত্রী হতে চান

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

স্পেনের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন রক্ষণশীল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো। নির্বাচনের আগে টেলিভিশন বিতর্কে তিনি নিজেকে দক্ষ প্রশাসক হিসেবে তুলে ধরেছেন। একই সঙ্গে ক্ষমতাসীন সমাজতন্ত্রী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। কখনো মধ্যপন্থী ভোটারদের আশ্বস্ত করছেন, আবার কখনো অভিবাসন ও দুর্নীতির প্রশ্নে কট্টর ডানপন্থীদের মতো অবস্থান নিচ্ছেন। এই দুই ধরনের রাজনৈতিক অবস্থানের মধ্যে ভারসাম্য রাখাই এখন তাঁর নির্বাচনী প্রচারের বড় চ্যালেঞ্জ।

গত বৃহস্পতিবার স্পেনের ২৯ নভেম্বরের নির্বাচনের আগে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে শেষ টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়। সেখানে ফেইহো একদিকে সরকারি অবকাঠামো পরিচালনা ও সংকট মোকাবিলায় নিজের দক্ষতার কথা তুলে ধরেন। অন্যদিকে সানচেজকে মানবপাচারকারীদের জন্য ‘আশীর্বাদ’ বলে আক্রমণ করেন।

বার্সেলোনার স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ওরিওল বার্তোমেউ বায়েসের মতে, ওই বিতর্কে ফেইহোর রাজনৈতিক অবস্থানের দুটি দিকই স্পষ্ট হয়ে উঠেছে। তাঁর ভাষায়, সেখানে যেন দুই ধরনের ফেইহোকে দেখা গেছে।

জনমত জরিপে সানচেজের সমাজতন্ত্রী দল পিএসওইয়ের চেয়ে এগিয়ে রয়েছে পিপি। তবে এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা দলটির নেই। তৃতীয় অবস্থানে থাকা কট্টর ডানপন্থী ভক্স পার্টির সমর্থন পেলে ফেইহোর সরকার গঠনের পথ তৈরি হতে পারে।

প্রশাসক থেকে রাজনীতিক

৬৫ বছর বয়সী ফেইহো রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আওরেন্সে প্রদেশে জন্ম নেওয়া এই রাজনীতিক গ্যালিসিয়ার স্বাস্থ্য বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে স্পেনের রাষ্ট্রীয় ডাক বিভাগের দায়িত্বও সামলান।

২০০৯ থেকে ২০২২ সাল পর্যন্ত গ্যালিসিয়া অঞ্চলের আঞ্চলিক সরকারের প্রধান ছিলেন তিনি। এ সময়ে টানা চারটি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তাঁর দল। দক্ষ প্রশাসক এবং পরিমিত বক্তব্যের জন্য তখন তাঁর সুনাম তৈরি হয়।

২০২২ সালে পিপি তাঁকে দলের নেতা নির্বাচিত করলে এটিকে দলটির মধ্যপন্থীদের জয় হিসেবে দেখা হয়েছিল। তবে দায়িত্ব নেওয়ার পর ইউরোপের অন্যান্য মধ্য-ডানপন্থী দলের মতোই একটি চ্যালেঞ্জের মুখে পড়েন ফেইহো। তাঁর দলের ডান দিক থেকে ভোটারদের টানছিল কট্টর ডানপন্থী ভক্স।

ভক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের ভোট ধরে রাখতে অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিতে শুরু করে পিপি। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষমতাসীন সমাজতন্ত্রী দলের সমালোচনাও জোরদার করেন ফেইহো।

রাষ্ট্রবিজ্ঞানী বায়েসের মতে, মধ্যপন্থীরা ফেইহোকে নেতা নির্বাচনের মাধ্যমে জয়ী হলেও পরে দুর্নীতি, অভিবাসন ও গর্ভপাতের মতো বিষয়ে তিনি আরও কট্টর বক্তব্য দিতে শুরু করেন। সমাজতন্ত্রী দল পিএসওইকে অনৈতিক ও অশালীন বলেও আক্রমণ করেন তিনি।

গত জুলাইয়ে মরক্কো সীমান্তবর্তী স্পেনের নিয়ন্ত্রিত এলাকা সেউতায় সীমান্ত সংকট দেখা দিলে ফেইহোর এই কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়। সে সময় বিপুলসংখ্যক মানুষ সীমান্ত পেরিয়ে স্পেনের ভূখণ্ডে প্রবেশ করেন। পরিস্থিতি সামাল দিতে সানচেজ সরকারের ভূমিকার কঠোর সমালোচনা করেন পিপি নেতা।

স্পেনের অর্থনীতিতে বিদেশি শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে—এ কথা স্বীকার করেই ঐতিহ্যগতভাবে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়ে আসছে পিপি। তবে সম্প্রতি দলটির অবস্থান আরও কঠোর হয়েছে। অনিয়মিত অভিবাসীদের ব্যাপকভাবে বৈধতা দেওয়ার বিরোধিতা করার পাশাপাশি সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে বসবাসের মেয়াদ ও সামাজিক নিরাপত্তা খাতে অবদানের মতো শর্ত কঠোর করার কথা বলছে দলটি।

অন্যদিকে ভক্স অভিবাসীদের বহিষ্কার এবং তাদের ভাষায় ‘রিমাইগ্রেশন’ বা নিজ দেশে ফেরত পাঠানোকে নির্বাচনী প্রচারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি করেছে।

ইপসোসের এক জরিপে দেখা গেছে, ২০২৩ সালের নির্বাচনে পিপিকে ভোট দেওয়া প্রায় ২০ শতাংশ ভোটার এবার ভক্সকে ভোট দেওয়ার কথা ভাবছেন। দলটির একাংশের কাছে পিপির সতর্ক ও প্রশাসনিক ধাঁচের রাজনীতির চেয়ে আরও কট্টর আদর্শিক অবস্থান আকর্ষণীয় হয়ে উঠছে।

পিপি-ভক্স জোটের সম্ভাবনা

২০২৩ সালের নির্বাচনে ফেইহোর নেতৃত্বে পিপি ১৩৭টি আসন পেয়ে সবচেয়ে বড় দল হয়েছিল। ভক্সের সমর্থন নিয়েও দুই দল মিলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৭৬ আসনের চেয়ে চারটি আসন কম পেয়েছিল।

অন্যদিকে ১২১টি আসন পাওয়া সানচেজের পিএসওই কট্টর বামপন্থী দলগুলোর সঙ্গে জোট গঠন করে। পাশাপাশি কাতালান ও বাস্ক বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন তিনি।

এবারের নির্বাচনে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে জনমত জরিপের পূর্বাভাসে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জরিপ অনুযায়ী, ভক্স প্রায় ১৮ শতাংশ ভোট এবং ৬৩টি আসন পেতে পারে, যা ২০২৩ সালের ফলাফলের প্রায় দ্বিগুণ। পিপির আসনসংখ্যা ১২৭ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে পিএসওই পেতে পারে ১১৯টি আসন।

এই হিসাব সত্য হলে পিপি ও ভক্সের সম্ভাব্য জোটের আসনসংখ্যা দাঁড়াতে পারে ১৯০। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ১৪টি আসন বেশি পেতে পারে তারা।

ফেইহো বলেছেন, তিনি ভক্সের সংসদীয় সমর্থন নিয়ে এককভাবে পিপির সরকার গঠন করতে চান। তবে কট্টর ডানপন্থী দলটির সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনের সম্ভাবনাও নাকচ করেননি।

একসময় স্পেনের রাজনীতিতে প্রান্তিক শক্তি হিসেবে পরিচিত ভক্স এখন উল্লেখযোগ্য রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বর্তমানে পিপির সঙ্গে জোট করে আন্দালুসিয়া, আরাগন, কাস্তিয়া ও লেওন এবং এক্সত্রেমাদুরা—এই চারটি অঞ্চলে সরকার পরিচালনা করছে দলটি।

আঞ্চলিক সরকারগুলোতে দুই দলের যৌথ শাসন জাতীয় পর্যায়ে তাদের সম্ভাব্য সমঝোতার একটি ধারণা দেয়। তবে কিছু বিষয়ে তাদের মধ্যে মতপার্থক্যও রয়েছে।

এর মধ্যে অন্যতম নারী নির্যাতন বা লিঙ্গভিত্তিক সহিংসতা। গত বছর পিপি অন্যান্য দলের সঙ্গে মিলে ২০১৭ সালে গৃহীত এ ধরনের সহিংসতা প্রতিরোধে একটি সর্বদলীয় চুক্তি নবায়ন করে। নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ এবং ভুক্তভোগী ও তাঁদের সন্তানদের সুরক্ষায় ওই চুক্তিতে ৪০০টির বেশি পদক্ষেপের কথা বলা হয়েছে। ভক্স একমাত্র দল হিসেবে চুক্তির বিপক্ষে ভোট দেয়। দলটির যুক্তি, পারিবারিক সহিংসতার আইন ভুক্তভোগীর লিঙ্গনির্বিশেষে সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত।

অন্যদিকে আন্দালুসিয়ায় আঞ্চলিক সুবিধা ও আবাসন পাওয়ার যোগ্যতা নির্ধারণে দুই দল সমঝোতায় পৌঁছেছে। তাদের চুক্তিতে আন্দালুসিয়া বা স্পেনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে—এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। পৌরসভায় নিবন্ধিত থাকার মেয়াদ ও সামাজিক নিরাপত্তা খাতে অবদানের মতো শর্ত থাকায় বৈধভাবে বসবাসকারী বিদেশিদেরও সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। তবে জীবনসংকটের জরুরি পরিস্থিতি ছাড়া অভিবাসীদের নিয়মিত সামাজিক সুবিধা ও সেবা থেকে বাদ দেওয়ার প্রস্তাবও রয়েছে।

মাদ্রিদের রে হুয়ান কার্লোস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাত্তেও রে মনে করেন, আঞ্চলিক পর্যায়ে পিপি ও ভক্সের যৌথভাবে সরকার পরিচালনার অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে জোট গঠনের ধারণাকে সহজ করেছে।

তাঁর মতে, চারটি অঞ্চলে একসঙ্গে সরকার পরিচালনার মধ্য দিয়ে পিপি ভক্সকে মূলধারার রাজনীতিতে জায়গা করে দিয়েছে। একই সঙ্গে নিজেদের সমর্থক ও স্পেনের অন্য ভোটারদের কাছেও দুই দলের জাতীয় পর্যায়ে সরকার গঠনের সম্ভাবনাকে গ্রহণযোগ্য করে তুলেছে।

মধ্যপন্থী ভোটারদেরও ধরে রাখতে চান ফেইহো

ভক্সের দিকে ভোটারদের চলে যাওয়া ঠেকাতে কঠোর বক্তব্য দিলেও মধ্যপন্থী ভোটারদের সমর্থন হারাতে চান না ফেইহো। গত মাসে মধ্য স্পেনের তোলেদো প্রদেশে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। একই রেলপথে এর আগেও এক বছরের কম সময়ের ব্যবধানে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। এ ঘটনা ফেইহোকে আবার তাঁর পরিচিত প্রশাসনিক ও অবকাঠামোসংক্রান্ত আলোচনায় ফেরার সুযোগ করে দেয়।

বায়েসের মতে, ট্রেন দুর্ঘটনার পর ফেইহো নিজেকে একজন দক্ষ প্রশাসক হিসেবে তুলে ধরার সুযোগ দেখেছেন। তাই প্রচারের আলোচনায় পরিবহন, অবকাঠামো ও নিরাপত্তার মতো বিষয়কে গুরুত্ব দিয়েছেন। এসব বিষয়ে তিনি কট্টর আদর্শিক বিতর্কের তুলনায় বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।

পররাষ্ট্রনীতিতে সানচেজের থেকে ভিন্ন অবস্থান

পররাষ্ট্রনীতিতেও সানচেজের সঙ্গে ফেইহোর অবস্থানের পার্থক্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউরোপের অনেক দেশ যখন অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে, তখন সানচেজ তুলনামূলক উন্মুক্ত অভিবাসননীতির পক্ষে অবস্থান নিয়েছেন। ন্যাটোর সদস্যদেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের চাপের বিরোধিতা করেছেন তিনি। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।

সানচেজের সরকার স্পেনে ১০ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। গত সপ্তাহের বিতর্কেও তিনি ইউরোপীয় ইউনিয়নের বাইরে অভিবাসীদের বহিষ্কারের কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে পিপির নেতৃত্বে সরকার গঠিত হলে স্পেনের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আসতে পারে। ফেইহো এখনো প্রতিরক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের প্রতিশ্রুতি দেননি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার কথা বলেছেন।

পিপি ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখার পক্ষে। পাশাপাশি মরক্কো ও আলজেরিয়ার সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা বলছে দলটি। তাদের নির্বাচনী ইশতেহারে স্পেনের দক্ষিণ সীমান্তকে ইউরোপের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা এবং যৌথভাবে ইউরোপীয় প্রতিরক্ষা সরঞ্জাম কেনার প্রস্তাব রয়েছে।

অধ্যাপক মাত্তেও রের মতে, পিপি ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইউরোপীয় ঐক্যের পক্ষে। তবে দলটির নির্বাচনী প্রচার অনেকটাই নিজেদের অভ্যন্তরীণ বিষয়কেন্দ্রিক।

বৃহস্পতিবারের বিতর্কে ফেইহো নিজেই তাঁর প্রচারের বার্তা সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন, ‘ট্রাম্পকে নিয়ে কম কথা বলুন, ট্রেন নিয়ে বেশি কথা বলুন।’

সূত্র: আল-জাজিরা

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত