১২ ঘণ্টায় পাকিস্তানে ৬ বার ভূমিকম্প!

গত ১২ ঘণ্টার ব্যবধানে পাকিস্তানে বিভিন্ন প্রান্তে অন্তত ৬ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনগুলোর মাত্রা ছিল ৪.২ থেকে ৫.৬-এর মধ্যে। দফায় দফায় এই কম্পনে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ভূমিকম্পের প্রধান কেন্দ্রবিন্দু ছিল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান প্রদেশ। প্রথম কম্পনটি রেকর্ড করা হয় ৪.২ মাত্রার, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। এর পরপরই গিলগিট শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে ৪.৩ মাত্রার আরও একটি কম্পন আঘাত হানে। কয়েক ঘণ্টা পর একই স্থানে ফের কম্পন অনুভূত হয়।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় শুক্রবার সকালে, যখন মাত্র ১২ মিনিটের ব্যবধানে গিলগিটে ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

গিলগিটের পাশাপাশি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানেও ভূকম্পন অনুভূত হয়েছে। প্রদেশের চৌকি জামালি এলাকায় ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, গিলগিট, স্কার্দু, পাত্তান ও বালাকোটসহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে বারবার ভূমিকম্প হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ। এটি মূলত তিনটি প্রধান টেকটোনিক প্লেটের (আরব, ইউরো-এশীয় এবং ভারতীয়) সংযোগস্থলে অবস্থিত। এর ফলে দেশটিতে পাঁচটি ভূমিকম্প জোন তৈরি হয়েছে এবং একাধিক ফল্ট লাইন থাকায় ঘন ঘন টেকটোনিক নড়াচড়া ঘটে। এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকেও ৫.৬ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া। সূত্র: ভলকানিক ডিসকভারি ও ডন